২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের মান্নান জামিনে মুক্ত

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 03:29 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা ঢাকার বারডেম হাসপাতালের প্রিজন সেলে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সেখান থেকেই তাকে মুক্তি দেওয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান।

গাজীপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপের এক মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ নাশকতার মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে গত অগাস্টে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।

এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মোট ২২টি মামলায় জামিন পাওয়ার পর এ বিএনপি নেতা কারামুক্ত হলেন।

“এর মধ্যে দুটি মামলার চার্জশিটে তার নাম আছে, বাকিগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।”

সর্বশেষ গত ৯ নভেম্বর জয়দেবপুর থানায় নাশকতার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি মো. আকরাম হোসেন ও মো. হাবিবুল গণির হাই কোর্ট বেঞ্চ এম এ মান্নানকে ছয় মাসের জামিন দেয়।

গত বছরের ২১ মে চিকিৎসকের পরামর্শে এম এ মান্নানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেমে স্থানান্তর করা হয়। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।