মেয়র মান্নানের দুই মামলায় জামিন নাকচ
গাড়িতে বোমা ও অগ্নিসংযোগের দুটি মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
সোমবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্দুল হাই ও মাহবুবা আক্তারের পৃথক আদালত এ আদেশ দেয়।
মেয়র মান্নান বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রয়েছেন।
তার বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে, যার মধ্যে এ মাসেই করা হয় তিনটি। ২২ মামলায় তিনি জামিনে রয়েছেন।
গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে পুলিশ বহনকারী লেগুনায় পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করে অগ্নিগংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
“ওই ঘটনায় মেয়র মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে কালিয়াকৈর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন এসআই মো. মনিরুল ইসলাম।”
সোমবার এ মামলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবা আক্তারের আদালতে মেয়রের পক্ষে জামিন আবেদন করা হয়।
আদালত পরিদর্শক রবিউল আরও জানান, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের টিএন্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় পেট্রল দিয়ে বাসে অগ্নিসংযোগ এবং যানবাহনে ভাংচুরের অভিযোগে মেয়র মান্নানসহ ৩০ জনের নামে এবং আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে টঙ্গী থানার এসআই মনিরুজ্জামান বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করেন।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্দুল হাইয়ের আদালতে এ মামলায় মেয়রের পক্ষে জামিন আবেদন করা হয়।
রবিউল আরও বলেন, গত ১৫ এপ্রিল রাত ৯টায় গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জয়দেবপুর থানার মামলায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে মেয়র মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।
একই ঘটনায় ওই রাতেই মেয়র মান্নানের ভাইসহ আরও ৯ জনকেও গ্রেপ্তার করা হয়।
পরদিন আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বারিধারার ডিওএইচএস-এর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নানকে।
জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০১৫ সালের ১২ মে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গৃহীত হওয়ায় ওই বছরের ১৯ অগাস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে।
এরপর ২২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত ২ মার্চ মেয়র মান্নান জামিনে কারামুক্ত হন।
গত ৩১ মার্চ সাময়িক বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মান্নান। হাই কোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ গত ১১ এপ্রিল ছয় মাসের জন্য স্থগিত করে।
পরে ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখে।
এম এ মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
