Published : 21 Jan 2023, 09:30 AM
তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ঘিরে পুরো টঙ্গী এলাকা যেন এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। কুয়াশা-তীব্র শীতকে উপেক্ষা করে দ্বিতীয় দিন শনিবারও তাবলীগের অনুসারীদের দলে দলে ইজতেমা ময়দানে আসতে দেখা গেছে।
শনিবার বাদ ফজর মাওলানা ইয়াকুব জিলানীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। ভারত থেকে আসা এই মাওলানা বয়ান করেন তাবলীগের ছয় উসুলের মৌলিক বিষয়ের উপর; তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ।
বয়ান শুরুর সঙ্গে সঙ্গে পুরো ইজতেমাস্থলে নেমে আসে যেন পিনপতন নীরবতা। গভীর মনোযোগে মুরুব্বীদের বয়ান শুনেছেন ইজতেমায় অংশ নেওয়া মানুষ।
এদিকে দ্বিতীয় দিনে বাদ আছর আয়োজন করা হয়েছে ইজতেমার একটি অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের। এজন্য সকাল থেকেই বর-কনের নাম তালিকাভুক্তি করা শুরু হয়েছে। বিয়ের আগ পর্যন্ত চলবে তালিকাভুক্তির কাজ।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ওই বিয়ে অনুষ্ঠান পরিচালনা করবেন। এর আগে বয়ান মঞ্চ থেকে তিনি এ সংক্রান্ত বয়ানও করবেন।
মোহাম্মদ আবু সায়েম জানান, ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের প্যান্ডেলের পাশে থাকা দোয়া মঞ্চে যৌতুকবিহীন এই বিয়ে অনুষ্ঠান হবে। ওই মঞ্চের সামনে কনের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনদের উপস্থিতে ইসলামী শরীয়ত অনুয়ায়ি বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর মঞ্চের সামনে ও আশে-পাশে থাকা মানুষদের মধ্যে খেজুর ছুড়ে দেয়া হয়।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শতাধিক যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

আরো দুই মুসল্লির মৃত্যু
ইজতেমা ময়দানে শুক্রবার রাতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফার ইজতেমায় আসা পাঁচ জন মারা গেলেন।
বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করার সময় হঠাৎ অচেতন হয়ে মারা যান ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকা থেকে ইজতেমায় যোগ দিতে আসা আব্দুল হান্নান (৪৫) । তার বাবার নাম আব্দুল জব্বার।
একইদিন রাত ১১টার সময় ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮)।
এরআগে শুক্রবারে সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) এবং বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
আরও পড়ুন:
ইজতেমা ময়দানে আরও দুইজনের মৃত্যু
ভিড়ে ঠাসা ইজতেমা ময়দানে লাখো মানুষের জুমা আদায়
ইজতেমার জুমায় অংশ নিতে মানুষের ঢল
ইজতেমার দ্বিতীয় পর্বে এক বৃদ্ধের মৃত্যু