Published : 25 Jul 2023, 12:30 AM
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
সোমবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়ে বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া৷
নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৪৫)। তার গ্রামের বাডড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরে, তবে পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় বাস করতেন৷ মামুন এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন তিনি৷
বেলা ১১টার দিকে ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে চাষাঢ়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার, রিকশাসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা ও চাপা দেয় ফায়ার সার্ভিসের গাড়িটি৷
এ দুর্ঘটনায় ওই গাড়ির চালক ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান এক রিকশাচালক৷ এছাড়া গুরুতর আহত হন অন্তত ছয়জন। যাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হল।
অন্য আহতরা হলেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ইরানি (২৬), জামতলা এলাকার সারা (১৮), একই এলাকার নাজমা (৪০), খানপুর সরদারপাড়া এলাকার রোকন (৪০) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুরের রেশমা (৪০)।
রাতে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়ি চালাতে চালাতে জাহাঙ্গীর হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: