৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ফার্মেসিসহ সাত ব্যবসাপ্রতিষ্ঠান

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 03:12 PM

Updated : 31 Oct 2026, 03:11 PM

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়েছে ফার্মেসিসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান।

শনিবার ভোর ৪টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ির ১ নম্বর ভান্ডারীর গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ী মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ৪টা ১০ মিনিটে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। ২০ মিনিটের চেষ্টায় ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

তিনি বলেন, আগুনে একটি ফার্মেসি, তিনটি মুদি দোকান ও তিনটি ভাঙারির দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করতে পেরেছেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।