১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে আগুনে নিহত ১০: রিসোর্টের একজন হেফাজতে

মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 08:18 PM

Updated : 17 Oct 2026, 08:43 PM

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, “সন্ধ্যা ৬টার দিকে তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

তবে জিজ্ঞাসাবাদের জন্য আনা ব্যক্তির নাম-পরিচয় জানাতে চাননি ওসি।

তিনি বলেন, “এখনই সবকিছু বলা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এত বড় ঘটনা, সব দিক তদন্ত করেই কাজ চলছে।”

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে তিনতলা রিসোর্টটির পুরো স্থাপনা পুড়ে যায়। এতে একই পরিবারের ছয়জনসহ ১০ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ফায়ার সার্ভিস দশজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে।

পুরনো খবর:

কক্সবাজারে রিসোর্টে আগুন: বেলকনি থেকে লাফ দিয়ে বাঁচেন চিকিৎসক দম্পতি
সকালে রিসোর্ট ছাড়ার কথা পরিবারটির, তার আগে আগুনে প্রাণ গেল ছয়জনের
কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ
১০টা মিনিট পেলে স্ত্রীও নামতে পারতেন: কক্সবাজারে আগুনে আহত আশিকুল
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত বেড়ে ১০, ‘ছয়জনই এক পরিবারের’