রিকশার ব্যাটারি শেষ হয়, খোলস ভাঙা বিষাক্ত সিসা হয়ে ওঠে নতুন পণ্য
পুরনো ব্যাটারি কার কাছে যাচ্ছে, কোথায় ভাঙা হচ্ছে এবং কীভাবে সিসা উদ্ধার করা হচ্ছে, নিরাপত্তার প্রশ্নটি সেখানেই।
ধোঁয়ায় ঢেকে যাচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম। ঢাকার পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এই গ্রামে কৃষিজমি ও বসতির পাশে রয়েছে তানভির এন্টারপ্রাইজ।
এই রিসাইক্লিং কারখানায় বাতিল ব্যাটারি থেকে সিসা আলাদা করা হয়। এখানকার চিমনি থেকে বের হওয়া ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে।
শহর-মফস্বলে যাত্রী বহন করে যে ব্যাটারি রিকশা ও ইজিবাইক, তার ব্যাটারির ব্যবহার একসময় শেষ হয়। কিন্তু ব্যাটারির ব্যবসা শেষ হয় না। পুরনো ব্যাটারি বিক্রি হয়, খোলস ভাঙা হয়, ভেতরের উপাদান আলাদা করা হয়। উদ্ধার করা সিসা আবার পণ্য হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় সৃষ্ট ধোঁয়া ও বর্জ্য নিয়েই চারিগ্রামের মানুষের অভিযোগ।
স্থানীয় দেড়শ শতাধিক মানুষ কারখানার ধোঁয়া বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
তাদের অভিযোগ, ধোঁয়ায় গলা ও চোখ জ্বলে, কাশি হয়, বমিভাব ও পেটব্যথায় ভোগেন অনেকে। কৃষকের অভিযোগ, তাদের ফলন কমছে; গবাদি পশুর অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও আছে।
কারখানার ব্যবস্থাপক মো. হাবিব বলছেন, তারা নিয়ম মেনেই কারখানা চালাচ্ছেন।
অনুসন্ধানে দেখা গেছে, তানভির এন্টারপ্রাইজের নাম পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত তালিকায় নেই; তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তালিকায় আছে।
ব্যাটারি তৈরি বা রিসাইক্লিং কারখানা থেকে বের হওয়া ধোঁয়া চোখে দেখা যায়। কিন্তু যে বৈদ্যুতিক ত্রিচক্রযানের (ই-রিকশা ও ইজিবাইক) জন্য এই ব্যাটারি, তার জোগান কোথা থেকে আসে? আসে চীন থেকে।
আমদানি-নথি অনুযায়ী, গত বেশ কবছর ধরে কয়েকশ চীনা প্রতিষ্ঠান বৈদ্যুতিক ত্রিচক্রযান, এতে ব্যবহৃত ব্যাটারির প্লেট ও খোলসসহ প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ বাংলাদেশে রফতানি করে চলেছে।
ট্রেডইনডেটা ও ইমপোর্ট জিনিয়াসের চীন থেকে পণ্য সরবরাহের নথি অনুযায়ী, ৩৪৩টি রপ্তানিকারক ও বাংলাদেশের ৪৪০টি আমদানিকারকের নাম পাওয়া গেছে।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চীনা কোম্পানিগুলোর রপ্তানিমূল্য প্রায় ১১ কোটি ২৪ লাখ ডলার।
এসব কোম্পানির কোনোটি রপ্তানি করেছে ব্যাটারি ছাড়া ই-রিকশার কাঠামো। কোনোটি পাঠিয়েছে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্লেট। আবার কোনো কোম্পানি মোটর, কন্ট্রোলার, চার্জার, অ্যাক্সেল ও ব্রেকের অংশ রফতানি করেছে।
এই সরবরাহে সচল থাকা ই-রিকশা ও ইজিবাইকের জন্য বারবার নতুন ব্যাটারি লাগে। একটি বৈদ্যুতিক ত্রিচক্রযান যেমন বহু বছর চলে তার ব্যাটারিও তেমনি বদলাতে হয় বহুবার। বাতিল ব্যাটারি তখন চলে যায় ব্যাটারি সংগ্রহ, ভাঙা ও সিসা উদ্ধারের চক্রে।
ব্যাটারি বদলায়, বর্জ্য জমে
বাংলাদেশে পুরনো ব্যাটারি থেকে ছড়ানো সিসাদূষণ বিষয়ে কাজ করছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা পিওর আর্থ। তার ২০২৬ সালের প্রকাশনায় দেশে প্রায় ৪০ লাখ বৈদ্যুতিক ত্রিচক্রযান সচল থাকার কথা বলা হয়েছে।
তবে একই প্রকাশনায় বছরে প্রায় এক লাখ ৬৭ হাজার মেট্রিক টন সিসা-বর্জ্যের যে হিসাব রয়েছে, সেটির ভিত্তি আলাদা। সেক্ষেত্রে ২০ লাখ ইজিবাইক, প্রতিটিতে পাঁচটি ব্যাটারিতে মোট ১২৫ কেজি সিসা এবং দেড় বছরে একবার ব্যাটারি বদলানোর অনুমান করা হয়েছে।
প্রকাশনাটিতে ইজিবাইকের এক সেট ব্যাটারির আয়ু ৮-১১ মাসের কথা রয়েছে। বর্জ্যের হিসাব তৈরি করতে করা দেড় বছরের অনুমানের সঙ্গে এই পার্থক্য থেকে বোঝা যায়, ব্যাটারি কত দিন ব্যবহার হচ্ছে, তার ওপর বছরে কত বর্জ্য তৈরি হবে, সেই হিসাবও নির্ভর করে।
বিক্রেতা, চালক ও গ্যারেজকর্মীদের সঙ্গে কথা বলে ব্যাটারির আয়ু নিয়ে ভিন্ন অভিজ্ঞতা পাওয়া গেছে। তাদের কাছে সিসা-অ্যাসিড ব্যাটারি প্রধানত দুটি প্রচলিত নামে পরিচিত– পানির ব্যাটারি ও পাউডার ব্যাটারি।
কাঁঠালবাগানের এক গ্যারেজ তত্ত্বাবধায়ক বলেন, একটি ব্যাটারি দেড় বছর পর্যন্ত চলে। সাভারের কয়েকজন বিক্রেতা বলেছেন দেড় থেকে দুই বছর চলার কথা। আবার কারওয়ান বাজারের এক বিক্রেতার দাবি, তার বিক্রি করা ব্যাটারি সাধারণত দুই বছর টেকে।
পানির ব্যাটারি বলতে চালক, গ্যারেজকর্মী ও বিক্রেতারা ফ্লাডেড লেড-অ্যাসিড ব্যাটারিকে বুঝিয়ে থাকেন, যা সাধারণত এক থেকে দেড় বছর টেকে। পাউডার ব্যাটারিও লেড-অ্যাসিড ব্যাটারি। সরলভাবে বললে এই ব্যাটারিতে সিসার পেস্ট ব্যবহৃত হয়। এগুলোর আয়ুষ্কাল হয় ৮ থেকে ১২ মাস।
বাজারে পানির ব্যাটারি ও পাউডার ব্যাটারি নামে বিক্রি হওয়া দুই ধরনের পণ্যই সিসা-অ্যাসিড ব্যাটারি। তবে এগুলো কত দিন চলে, তা নিয়ে বিক্রেতা ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভিন্ন।
পাউডার ব্যাটারির ক্ষেত্রে দ্রুত নষ্ট হওয়ার অভিযোগও আছে।
কলাবাগানের এক রিকশামালিক বলেন, পুরনো সেটের সঙ্গে ১৩ হাজার টাকা যোগ করে তিনি নতুন সেট নিয়েছিলেন। সেটিতে গ্যারান্টি ছিল না। কোনো কোনো সেট এক মাসও টেকেনি বলে দাবি তার।
কাঠালবাগানের এক রিকশা মেরামতকারী বলেন, পুরনো ব্যাটারি নতুন মোড়কে বিক্রি করা হয়, যা চালকরা বুঝতে পারেন না। সেই ব্যাটারি দ্রুত নষ্ট হয়।
ব্যাটারি কত দিন চলে, তা তার ধরন ও মানের পাশাপাশি ব্যবহারের ওপরও নির্ভর করে। কিন্তু কেনার তারিখ, ব্যাটারির ধরন, ব্যবহারকাল ও নষ্ট হওয়ার কারণ ধরে ধারাবাহিক তথ্য পাওয়া কঠিন।
কলাবাগানে এক গ্যারেজ মালিক পাউডার ব্যাটারির এক সেটের দাম বলেন ২৬ হাজার টাকা; সঙ্গে ছিল তিন মাসের গ্যারান্টি।
আরেকজন বলেন, তার সেটের দাম ২৪ হাজার টাকা। পানির ব্যাটারির সেটের দাম একজন বলেছেন ৪৫ হাজার, আরেকজন বলেছেন ৬০ হাজার টাকা।
সব মিলিয়ে ব্যাটারির জন্য একটিমাত্র আয়ুষ্কাল নির্ধারণ করা কঠিন। কিন্তু পুরোনো সেট ফেরত দিয়ে অতিরিক্ত টাকা যোগ করে নতুন সেট নেওয়ার একটি বাজার রয়েছে। গাড়ি সচল রাখার জন্য চালক বা মালিককে বারবার ব্যাটারি কিনতে হয়। আর পুরনো বাতিল ব্যাটারি সেট ঢুকে যায় আরেক ব্যবসায়।
বাতিল হলেও বাজার আছে
বাতিল ব্যাটারির দাম কারওয়ান বাজারে প্রতি কেজি ৮০ থেকে ৯৫ টাকা, কাঁঠালবাগানে প্রায় ১০০ টাকা এবং সাভারে ১২০ থেকে ১৬০ টাকা পাওয়া গেছে। কলাবাগানে নষ্ট পাউডার ব্যাটারির জন্য বলা হয়েছে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা।
কেজি দরের এই পণ্যের ভেতরে থাকে উদ্ধারযোগ্য সিসা। সেই উপাদান আলাদা করার একটি ধাপ দেখা গেল কেরানীগঞ্জে।
ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে খোলা, আংশিক ছাউনির একটি জায়গায় সারি করে রাখা ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারি। পাশে ভাঙা খোলস ও টুকরো।
জনা আটেক শ্রমিক ব্যাটারির খোলস ভেঙে প্লাস্টিক ও ভেতরের উপাদান আলাদা করছেন। কালচে, ছাইয়ের মতো পদার্থ বালতিতে জমাচ্ছেন।
কারও পায়ে রাবারের বুট আছে। কেউ খালি হাতে সেই পদার্থ ধরছেন। এক শ্রমিককে খোলা ব্যাটারির খোলস পানিতে ধুতে দেখা গেল। কাজের জায়গাজুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা প্লাস্টিক ও ব্যাটারির টুকরো।
উদ্ধার করা উপাদান নিয়ে যাওয়ার জন্য একটি পিকআপ দাঁড়িয়ে আছে। শ্রমিকেরা জানান, সেটি যাবে কামরাঙ্গীরচর। এই পর্যবেক্ষণ থেকে পণ্যটির পরবর্তী কারখানা বা ক্রেতা শনাক্ত করা যায়নি।
বাতিল ব্যাটারি সংগ্রহের বাজার আছে। কিন্তু সংগ্রহ হওয়া মানেই নিরাপদে পুনর্ব্যবহার হওয়া নয়।
পিওর আর্থের ২০২৬ সালের ‘দ্য সার্কুলার ইকোনমি অব লেড এসিড ব্যাটারিজ ইন বাংলাদেশ’ প্রকাশনা অনুযায়ী, ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির ৮০ শতাংশই অবৈধ ও অনানুষ্ঠানিক স্থাপনায় পুনর্ব্যবহার করা হয়।
প্রকাশনাটির মতে, কর ও পরিবেশগত নিয়ম এড়িয়ে চলায় অনানুষ্ঠানিক রিসাইক্লিং সেন্টার চালানোর ব্যয় কম। ব্যবহৃত ব্যাটারিও তারা দ্রুত ও কম খরচে সংগ্রহ করতে পারে। অন্যদিকে, নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলোকে পরিবহন, সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় বেশি খরচ করতে হয়।
ব্যাটারি ভেঙে সিসা উদ্ধারের এই ব্যবসার পাশাপাশি চলে নতুন ব্যাটারি তৈরির উপকরণ সরবরাহের ব্যবসাও। আমদানি নথিতে চীনের কোম্পানিগুলোর সবচেয়ে বড় অঙ্কের বাণিজ্য পাওয়া যায় এ অংশেই।
ব্যাটারির ভেতরে বড় বাণিজ্য
পর্যালোচনা করা আমদানি-নথি অনুযায়ী, চীনের কোম্পানিগুলো আর্থিক হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি করেছে ব্যাটারির অংশ ও উপকরণ। সাড়ে ছয় বছরে এসব পণ্যের রফতানি মূল্য প্রায় আট কোটি ১০ লাখ ডলার, যা এ সংক্রান্ত মোট রফতানির ৭২ দশমিক ২ শতাংশ।
চীন থেকে ব্যাটারির অংশ ও উপকরণ সরবরাহ করেছে অন্তত ২৯২টি কোম্পানি। রপ্তানি করা উপকরণের মধ্যে রয়েছে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্লেট, প্লেট-জ্যাকেট, প্লাস্টিকের খোলস, কভার ও সেপারেটর।
একই সময়ে চীন থেকে ব্যাটারিচালিত ত্রিচক্রযানের কাঠামো এসেছে প্রায় দুই কোটি ৪৫ লাখ ১১ হাজার ডলারের।
বড় চীনা রপ্তানিকারকদের একটি হল, শাওশিং নোসিমন মেশিনারি। সাড়ে ছয় বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রায় এক কোটি ২৭ লাখ ১২ হাজার ডলারের ব্যাটারির উপকরণ সরবরাহের তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশে উপকরণগুলির ক্রেতা হিসেবে পাওয়া গেছে তিনটি কোম্পানিকে। এগুলো হলো, আর আর ইন্টারন্যাশনাল (আমদানির মূল্য প্রায় ৬৮ লাখ ২১ হাজার ডলার), এমএসআরকে ইন্টারন্যাশনাল (আমদানির মূল্য প্রায় ৪২ লাখ ৯৬ হাজার ডলার) ও আরকে পাওয়ার (আমদানির মূল্য প্রায় ১৫ লাখ ৯৫ হাজার ডলার)।
ব্যাটারির উপকরণের আরেক বড় চীনা সরবরাহকারী জিয়াশিং হংগুয়ান ইন্টারন্যাশনাল ট্রেড। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কোম্পানিটি বাংলাদেশে প্রায় ৬৬ লাখ ডলারের ব্যাটারির উপকরণ পাঠিয়েছে। এর মধ্যে সিসা-অ্যাসিড ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্লেটও রয়েছে।
কোম্পানিটির বাংলাদেশি ক্রেতাদের মধ্যে আল জারা করপোরেশন আমদানি করেছে প্রায় ৩৪ লাখ ১৪ হাজার ডলারের উপকরণ। এর বাইরে এইচবিসি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ প্রায় ১৬ লাখ ৮৯ হাজার ডলারের, সিনহা ট্রেডিং আট লাখ ডলারের এবং এইচবিসি হাই পাওয়ার প্রায় চার লাখ ৫৮ হাজার ডলারের উপকরণ আমদানি করেছে।
ব্যাটারি ছাড়া ইজিবাইক
ব্যাটারির উপকরণের পাশাপাশি চীন থেকে আসে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি বা ইজিবাইক। এর অনেকগুলো এসেছে ব্যাটারি ছাড়া শুধু জোড়া লাগানোর জন্য খুলে রাখা যন্ত্রাংশের সেট হিসেবে, যাকে বলা হয় সিকেডি। আবার ব্যাটারি ছাড়া সম্পূর্ণ সংযোজিত ইজিবাইকও রপ্তানি করছে চীনের কোম্পানিগুলো।
এ ধরনের ইজিবাইকের ৫৪৬টি রপ্তানি পাওয়া গেছে। সেই অনুযায়ী রপ্তান মূল্য প্রায় দুই কোটি ৪৫ লাখ ১১ হাজার ডলার। এগুলো রফতানি করেছে ৫৭টি কোম্পানি, বাংলাদেশে আমদানিতে সম্পৃক্ত ছিল ৯৩ আমদানিকারক প্রতিষ্ঠান।
রপ্তানিকারক অনেক হলেও নথি অনুযায়ী ইজিবাইকের বড় অংশ সরবরাহ করে দুটি কোম্পানি। এগুলো হলো, লাংফাং স্যানডি ইলেকট্রিক ট্রাইসাইকেল ও নিংবো ডোয়েডো ইন্টারন্যাশনাল ট্রেড।
পর্যালোচনা করা আমদানির নথিতে বাংলাদেশে বৈদ্যুতিক তিন চাকার যান সরবরাহের মোট মূল্যের প্রায় ৮৭ শতাংশই এই দুই কোম্পানির, যার মূল্য প্রায় দুই কোটি ১৩ লাখ ৬২ হাজার ডলার।
স্যানডির নামে রপ্তানি নথি পাওয়া গেছে ২৬৯টি, যার মূল্য প্রায় এক কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ডলার।
দেশে স্যানডির বড় ক্রেতা আলিনা অটো বাইক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি স্যানডি থেকে প্রায় এক কোটি ১৮ লাখ ৯২ হাজার ডলারের ইজিবাইক আমদানি করেছে।
নিংবো ডোয়েডো রপ্তানি করেছে প্রায় ৬৬ লাখ ৬৯ হাজার ডলারের ইজিবাইক। কোম্পানিটি প্রায় চার লাখ ১৪ হাজার ডলারের ব্যাটারির অংশও রপ্তানি করেছে।
স্যানডি ব্যাটারি ছাড়া তিন ও পাঁচ আসনের ইজিবাইক রপ্তানি করেছে সিকেডি অবস্থায়। ডোয়েডো ব্যাটারি ছাড়া পাঁচ আসনের ইজিবাইক রপ্তানি করেছে তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটির একটি রপ্তানি নথিতে ব্যাটারি ছাড়া তিন আসনের ইজিবাইক সম্পূর্ণ সংযোজিত অবস্থায় পাঠানোর তথ্য পাওয়া গেছে।
মোটর থেকে ব্রেকের অংশ
ইজিবাইক ও ব্যাটারির পাশাপাশি মোটর, কন্ট্রোলার, চার্জার ও অন্যান্য যন্ত্রাংশও সরবরাহ করছে চীনা কোম্পানিগুলো।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ছয়টি কোম্পানি বাংলাদেশে প্রায় ১৩ লাখ ৫২ হাজার ডলারের বৈদ্যুতিক যন্ত্রাংশ পাঠিয়েছে। এগুলো হলো– ওয়েইহাই সিলন ইন্টারন্যাশনাল, সাংহাই জিয়ামেং ইন্টারন্যাশনাল ট্রেডিং, উক্সি সিনো ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট, তাইঝৌ ফুলাইক্সি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট, হেবেই ডিনিউ ট্রেড ও গুয়াংঝৌ কোলানবো ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট।
একই সময়ে অ্যাক্সেল, শক অ্যাবজর্বার, ব্রেকসহ অন্যান্য যন্ত্রাংশের প্রায় ৫৪ লাখ ১৮ হাজার ডলারের পণ্য সরবরাহ করেছে চারটি প্রতিষ্ঠান– ওয়েইহাই সিলন, গুয়াংঝৌ কোলানবো, শিজিয়াঝুয়াং ঝুওরু ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ও লিজিনজি ট্রেড। ওয়েইহাই সিলন ও গুয়াংঝৌ কোলানবো দুই তালিকাতেই রয়েছে; ফলে মোট সরবরাহকারী প্রতিষ্ঠান আটটি।
যন্ত্রাংশের হিসাবে সবচেয়ে বড় সরবরাহকারী ওয়েইহাই সিলন। কোম্পানিটি বাংলাদেশের ই-রিকশা ও ইজিবাইক শিল্পে প্রায় ৬৪ লাখ ৭৮ হাজার ডলারের যন্ত্রাংশ পাঠিয়েছে। এর মধ্যে মোটর, কন্ট্রোলার, চার্জারসহ বৈদ্যুতিক যন্ত্রাংশের মূল্য প্রায় ১১ লাখ ৫৫ হাজার ডলার।
অ্যাক্সেল, শক অ্যাবজর্বার, ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশের মূল্য প্রায় ৫৩ লাখ ২২ হাজার ডলার। এই দ্বিতীয় অংশের প্রায় ৫২ লাখ ৫০ হাজার ডলারের পণ্যই এনেছে নিউগ্রামীণ মোটর্স, যারা বাংলাদেশে এইচ পাওয়ার নামে ব্যাটারিচালিত মিশুক ও ইজিবাইক বিক্রি করে।
ইজিবাইক চালানো থেকে চার্জ দেওয়া পর্যন্ত বিভিন্ন কাজে লাগে এমন যন্ত্রাংশ জুগিয়েছে চীনা কোম্পানিগুলো।
ওয়েইহাই সিলন ও গুয়াংঝৌ কোলানবো পাঠিয়েছে কন্ট্রোলার, চাকার অ্যাক্সেল ও ব্রেকের অংশ। ব্রেকের অংশ সরবরাহ করেছে শিজিয়াঝুয়াং ঝুওরুও।
চার্জার এসেছে পাঁচটি কোম্পানির কাছ থেকে– ওয়েইহাই সিলন, সাংহাই জিয়ামেং, তাইঝৌ ফুলাইক্সি, হেবেই ডিনিউ ও উক্সি সিনো। হেবেই ডিনিউ ছাড়া এই তালিকার বাকি চারটি কোম্পানি কনভার্টারও পাঠিয়েছে।
বহু বছরের ব্যবসা
ব্যাটারিচালিত ত্রিচক্রযানের (ই-রিকশা ও ইজিবাইক) বিস্তারে বছরের পর বছর ধরে যানের কাঠামো, ব্যাটারির উপকরণ ও যন্ত্রাংশ জুগিয়ে যাচ্ছে চীনা কোম্পানিগুলো।
আমদানি নথি অনুযায়ী, ২০২০ সালেই চীন থেকে আসা এসব পণ্যের মূল্য প্রায় দুই কোটি ৭২ লাখ ডলার। পরের বছর এসেছে আরও দুই কোটি ৬৬ লাখ ডলারের।
পরের বছরগুলোতেও সেই সরবরাহ চলেছে, যদিও রপ্তানিমূল্যে ওঠানামা করেছে। ২০২২ সালে এসেছে প্রায় এক কোটি ২৯ লাখ ডলারের পণ্য, ২০২৩ সালে প্রায় ৭৪ লাখ ডলারের।
২০২৪ সালে রপ্তানি মূল্য আবার বেড়ে প্রায় এক কোটি ৪০ লাখ ডলারে পৌঁছায়। ২০২৫ সালে এসেছে প্রায় এক কোটি ২৯ লাখ ডলারের পণ্য। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই এসেছে প্রায় এক কোটি ১৪ লাখ ডলারের।
এই ব্যবসায় সম্প্রতি বেড়েছে বৈদ্যুতিক তিন চাকার যান সরবরাহের মূল্য। চীনের রপ্তানিকারকেরা ২০২৪ সালে বাংলাদেশে এসব যান পাঠিয়েছে প্রায় ৪৫ লাখ এক হাজার ডলারের। ২০২৫ সালে তা হয় ৫০ লাখ ৩০ হাজার ডলার।
আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই সরবরাহ পৌঁছেছে ৭৫ লাখ ৭৯ হাজার ডলারে, যা আগের পুরো বছরের চেয়ে প্রায় ৫০ দশমিক ৭ শতাংশ বেশি।
চীনা কোম্পানিগুলোর ভূমিকা শুধু ইজিবাইকের কাঠামো পাঠানোয় সীমিত থাকেনি। লাংফাং স্যানডি ও নিংবো ডোয়েডো সরবরাহ করেছে বৈদ্যুতিক তিন চাকার যান; যার মধ্যে ব্যাটারি ছাড়া এবং দেশে জোড়া লাগানোর জন্য যন্ত্রাংশের সেট হিসেবে পাঠানো পণ্যও রয়েছে। শাওশিং নোসিমন ও জিয়াশিং হংগুয়ান পাঠিয়েছে ব্যাটারির প্লেট ও অন্যান্য উপকরণ।
ওয়েইহাই সিলনসহ অন্য সরবরাহকারীরা জুগিয়েছে মোটর, কন্ট্রোলার, চার্জার ও অ্যাক্সেল। বাংলাদেশের আমদানিকারকদের মাধ্যমে আসা এসব পণ্য ই-রিকশা ও ইজিবাইক তৈরি, সংযোজন ও সচল রাখার বিভিন্ন ধাপে ব্যবহারের জোগান তৈরি করেছে।
বাংলাদেশেও চীনা মালিকানার কারখানা
আমদানির বাইরেও বাংলাদেশে ব্যাটারি উৎপাদনে চীনা ব্যবসায়ীদের উপস্থিতি রয়েছে। যেমন সিঙ্গাইরের তানভির এন্টারপ্রাইজ থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে ধামরাইয়ের বেলিশ্বরে জিয়াংসু স্টোরেজ ব্যাটারি (বিডি) কোম্পানি লিমিটেড। সিসার ব্যাটারি তৈরির এই কোম্পানির মালিকানায় রয়েছেন কয়েকজন চীনা নাগরিক।
সেপ্টেম্বরে ধামরাইয়ের এ কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার স্টিলের ফটকে ইংরেজিতে কোম্পানির নাম হাতে লেখা। চারপাশে কৃষিজমি। নীল টিন দিয়ে ঘেরা কারখানার চিমনি থেকে ঘন কালচে ধোঁয়া বের হচ্ছে।
ভেতরে যেতে চাইলে অনুমতি পাওয়া যায়নি। কারখানার সীমানার বাইরের নিচু জমিতে দেখা যায়, পানি, আগাছা ও জলজ উদ্ভিদ; কিছু উদ্ভিদ মরে গেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্যে কারখানাটির সনদের মেয়াদ ২০২৭ সালের ৩ মার্চ পর্যন্ত।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের যে তথ্য পাওয়া গেছে, তাতে সিসার ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়ার তারিখ ২০২০ সালের ২৭ জুলাই এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২১ সালের ২৬ জুলাই। পরে ছাড়পত্র নবায়ন হয়েছে কি না, পাওয়া নথি থেকে জানা যায়নি।
তানভির এন্টারপ্রাইজের ক্ষেত্রেও দুই দপ্তরের নথিতে ভিন্ন চিত্র রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তালিকায় নাম পাওয়া গেছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত সিসা রিসাইক্লিং কারখানার তালিকায় নামটি নেই। সেই তালিকায় চারটি প্রতিষ্ঠান রয়েছে।
ব্যাটারি উৎপাদন ও ব্যবহারের ব্যবসা যত বিস্তৃত হচ্ছে, তত বাড়ছে পুরোনো ব্যাটারি সামলানোর প্রয়োজন। একটি গাড়ি বহু বছর চলতে পারে। কিন্তু একই ব্যাটারি দিয়ে সেই পুরো সময় চলে না।
চীনা উৎপাদকের নজর লিথিয়ামে?
বাংলাদেশে চীনা মালিকানার কারখানায় সিসার ব্যাটারি তৈরি হচ্ছে। অন্যদিকে, হংকং ইলেকট্রনিক্স ফেয়ারে সেলিনা চেংয়ের সঙ্গে কথা বলা কয়েকটি চীনা ব্যাটারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানিয়েছেন, তারা এখন লিথিয়াম ব্যাটারির ব্যবসায় মনোযোগ দিচ্ছেন বেশি।
বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর সিসার ব্যাটারি সরবরাহের বিষয়ে জানতে তাদের সঙ্গে কথা বলা হয়। তবে তাদের কেউ বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় ক্রেতা থাকার কথা জানায়নি।
তাদের দাবি, নির্মাতারা এখন লিথিয়াম ব্যাটারি এবং সিসার ব্যাটারির বদলে ব্যবহারযোগ্য লিথিয়াম ব্যাটারিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। কেউ কেউ সিসার ব্যাটারির উৎপাদন বন্ধ করার কথাও ভাবছেন। তাদের অভিজ্ঞতায়, কম আয়ের বাজারে কম দাম গুরুত্ব পায় এবং সিসার ব্যাটারির চাহিদা থাকে।
মেলায় কিছু কোম্পানির কাছে সিসার ব্যাটারি ছিল। তাদের প্রতিনিধিরা বলেন, এসব পণ্য বিদ্যুৎ সঞ্চয় ও ছোট যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়; গাড়িতে ব্যবহারের জন্য ১২ ভোল্টের ব্যাটারিও রয়েছে। কেউ ইজিবাইক বা ই-রিকশাকে তাদের পণ্যের ব্যবহারক্ষেত্র হিসেবে তুলে ধরেনি।
মেলায় অংশ নেওয়া একটি প্রতিষ্ঠান হেবেই তিয়ানই ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স কো.।
এর আন্তর্জাতিক ব্যবসা পরিচালক শন দাই বলেন, তাদের একটি ভালভ-নিয়ন্ত্রিত সিসার ব্যাটারি পণ্য রয়েছে, যা বিদ্যুৎ সঞ্চয়ের জন্য তৈরি; ইজিবাইক বা ই-রিকশার জন্য নয়।
দাইয়ের মতে, চীনে দূষণ নিয়ন্ত্রণের শর্ত কঠোর হওয়ার পর প্রয়োজনীয় সরঞ্জাম বসানোর খরচ বেড়েছে। ব্যয়বহুল সরঞ্জামের কারণে ছোট উৎপাদকদের জন্য সিসার ব্যাটারি তৈরি কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি।
তার দাবি, এখন মূলত বড় নির্মাতারাই এ ধরনের ব্যাটারি তৈরি করে।
কথা হয় নিংবো উইজডম ইউনিয়ন ইন্টারন্যাশনাল লজিস্টিকস কো. লিমিটেডের ব্যবসা ব্যবস্থাপক লেভি লিনের সঙ্গে।
তিনি শুল্ক ছাড় ও পরিবহন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তার অভিজ্ঞতায়, রপ্তানি নথিতে শুল্ক ছাড়, প্যাকেজিং, লেবেলিং ও পরিবহন-নিরাপত্তার বিষয় থাকে। পণ্যের ব্যবহার শেষ হওয়ার পর বর্জ্য কীভাবে সামলানো হবে, সে বিষয়ে রপ্তানিকারককে আলাদা শর্ত পূরণ করতে হয় না বলে জানান তিনি।
দাইয়ের মতে, ব্যাটারির বড় উৎপাদকদের নিজস্ব রিসাইক্লিং ব্যবস্থা থাকে, অথবা তারা এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। তার মতে, ব্যাটারি থেকে উদ্ধার করা ধাতু চীনে ফেরত নেওয়াও ব্যয়বহুল। তাই যে দেশে উদ্ধার হয়, সেখানেই উৎপাদনে আবার ব্যবহার করা হয়।
চীনের পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দেশটি কঠিন বর্জ্য আমদানি নিষিদ্ধ করেছে। তবে নিষিদ্ধের আওতায় ব্যাটারি থেকে উদ্ধার করা ধাতুও পড়ে কি না সেটি নিশ্চিত বলা যায় না।
দাই বলেন, বিদেশে রপ্তানি করা সিসার ব্যাটারির ব্যবহার শেষে সংগ্রহ বা পুনর্ব্যবহার নিশ্চিত করার বাধ্যতামূলক চীনা নীতির কথা তার জানা নেই। উৎপাদকদের জন্য কিছু সরকারি নির্দেশিকা থাকার কথা জানালেও তিনি সেগুলোর নাম বা বিস্তারিত বলতে পারেননি।
চীনের ‘কঠিন বর্জ্যজনিত পরিবেশদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন’ পর্যালোচনা করে দেখা গেছে, সিসার ব্যাটারি উৎপাদকের দায় শুধু উৎপাদন ও বিক্রিতে শেষ হয় না। ২০২০ সালে সংশোধিত এই আইনের ৬৬ ধারায় উৎপাদকদের বিক্রির পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহৃত ব্যাটারি সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলার বাধ্যবাধকতা রয়েছে। নিজেরা অথবা অন্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে এই ব্যবস্থা চালানো এবং তার তথ্য জনসমক্ষে প্রকাশের কথাও বলা হয়েছে আইনটিতে।
তবে বিদেশে রপ্তানি করা ব্যাটারির ব্যবহার শেষে সংগ্রহ ও পুনর্ব্যবহারের দায় কীভাবে পালন করতে হবে, এই ধারায় তা স্পষ্ট করা হয়নি।
বিষাক্ত বিস্তারের পর নিয়ন্ত্রণের উদ্যোগ
বহু বছর ধরে গড়ে ওঠা এই ব্যবসাকে নিয়মের আওতায় আনতে ২০২৬ সালের ২৯ অক্টোবর সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি রিকশা চলাচলের নতুন নিয়ম জারি করেছে সরকার। এতে অনুমোদিত স্থানে চার্জ দেওয়া এবং নতুন ব্যাটারি বিক্রির সময় বিক্রেতাকে পুরোনোটি ফেরত নেওয়ার শর্ত রয়েছে।
বাতিল ব্যাটারি খোলা জায়গা, মাটি বা জলাশয়ে ফেলা এবং পোড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু পুরনো ব্যাটারি ফেরত নেওয়ার ব্যবসা আগে থেকেই চলছে। চালক বা মালিক পুরনো সেট জমা দিয়ে অতিরিক্ত টাকা যোগ করে নতুন ব্যাটারি কিনছেন।
ফেরত আসা ব্যাটারি এরপর কার কাছে যাচ্ছে, কোথায় ভাঙা হচ্ছে এবং কীভাবে সিসা উদ্ধার করা হচ্ছে– নিরাপত্তার প্রশ্নটি সেখানেই।
[পুলিৎজার সেন্টারের সহায়তায় তৈরি করা এ অনুসন্ধানী প্রতিবেদনের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পলাশ দত্ত ঢাকাভিত্তিক ডেটা সাংবাদিক। সেলিনা চেং হংকংভিত্তিক বাণিজ্য ও অনুসন্ধানী প্রতিবেদক। ছবি তুলেছেন ফটো সাংবাদিক মাহমুদ জামান অভি। অলাভজনক প্রতিষ্ঠান পুলিৎজার সেন্টার বিশ্বজুড়ে কম আলোচিত বিষয় নিয়ে গভীর অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে কাজ করে]
