১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপের চার্জ শূন্যে নামিয়ে আনার অভ্যাস কতটা ক্ষতিকর?

এক মুহূর্ত আগেও হয়ত অফিসের কোনো গুরুত্বপূর্ণ স্প্রেডশিটে মনোযোগ দিয়ে কাজ করছিলেন, আর পরমুহূর্তেই দেখা গেল কালো স্ক্রিনে নিজের প্রতিবিম্ব ভেসে উঠেছে!

ল্যাপটপের চার্জ শূন্যে নামিয়ে আনার অভ্যাস কতটা ক্ষতিকর?

কিছু বিষয় নির্ভর করে ব্যাটারির ধরন ও কীভাবে ডিভাইসটি ব্যবহৃত হচ্ছে তার ওপর। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:10 PM

Updated : 17 Nov 2026, 08:10 PM

কাজের মধ্যে হঠাৎ করে ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাওয়া নিঃসন্দেহে বড় এক বিড়ম্বনার কারণ, বিশেষ করে ব্যবহারকারী যদি চার্জার ছাড়া বাইরে কোথাও থাকেন।

এক মুহূর্ত আগেও হয়ত অফিসের কোনো গুরুত্বপূর্ণ স্প্রেডশিটে মনোযোগ দিয়ে কাজ করছিলেন, আর পরমুহূর্তেই দেখা গেল কালো স্ক্রিনে নিজের প্রতিবিম্ব ভেসে উঠেছে!

এভাবে হঠাৎ স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া ছাড়াও ল্যাপটপের ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে যেতে দেওয়ার পেছনে বড় ঝুঁকি থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ব্যাটারির যত্ন নেওয়ার সেরা উপায় নিয়ে ইন্টারনেটে অনেক তথ্য রয়েছে। এর মধ্যে কিছু বিষয় নির্ভর করে ব্যাটারির ধরন ও কীভাবে ডিভাইসটি ব্যবহৃত হচ্ছে তার ওপর।

তবে যেভাবেই বিবেচনা করা হোক না কেন ব্যাটারির চার্জ একেবারে শূন্যে নামিয়ে আনা মোটেও আদর্শ কোনো অভ্যাস নয়। মাঝেমধ্যে এমনটা ঘটলে বড় কোনো বিপর্যয় নেমে আসবে না।

তবে ল্যাপটপের ব্যাটারি পুরোপুরি নিঃশেষ হয়ে গেলে আসলে কী ঘটে তা জেনে নেওয়া জরুরি।

সার্বিকভাবে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলোর রক্ষণাবেক্ষণ বেশ সহজ ও এর বেশ কিছু সুবিধাও রয়েছে, যেমন এগুলো বেশ দ্রুত চার্জ হতে পারে। আদর্শ পরিস্থিতিতে ব্যাটারির চার্জ কখনোই শূন্য শতাংশে নামিয়ে আনা উচিত নয়।

প্রযুক্তি কোম্পানি এইচপি বলেছে, ব্যবহারকারী যদি ল্যাপটপের ব্যাটারির আয়ুষ্কাল যথাসম্ভব দীর্ঘ করতে চান তবে চার্জ সবসময় ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখায় ভালো।

আবার কেউ কেউ ৪০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার পরামর্শ দেন। যেটাই অনুসরণ করুন না কেন এটা সেই প্রচলিত ভুল ধারণাকেই ভাঙে যে, ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে পুনরায় চার্জ দেওয়ার আগে তা পুরোপুরি শেষ করে ফেলা উচিত।

বারবার ব্যাটারির চার্জ একেবারে তলানিতে নামিয়ে আনলে ব্যাটারির ভেতরে ক্ষয় তৈরি হতে পারে। একটি নিরাপদ সীমার মধ্যে চার্জ রাখলে ব্যাটারির ভেতরের লিথিয়াম আয়নগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।

ব্যাটারির এই ক্ষয়ের ফলে এর চার্জ ধরে রাখার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। উইন্ডোজের মতো কিছু অপারেটিং সিস্টেম ব্যাটারির চার্জ শূন্য শতাংশে পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে ল্যাপটপ বন্ধ করে দেয়।

চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ কী কী?

ব্যবহারকারী যদি প্রায়শই নিজের ল্যাপটপের ব্যাটারির চার্জ শূন্যের কোঠায় নামতে দেখেন তবে কেন স্বাভাবিকের চেয়ে দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা বুদ্ধিমানের কাজ হবে।

বর্তমানের বেশিরভাগ ল্যাপটপ এক চার্জে ৪ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় চলে। তবে তা নির্ভর করে তার ল্যাপটপের ধরন ও এতে কী কাজ করা হচ্ছে এর ওপর। যেমন গেইমিং ল্যাপটপের ব্যাটারি তুলনামূলক কম সময় টেকে।

অন্যান্য কারণের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চালু থাকা অন্যতম।

ল্যাপটপের মডেল অনুসারে কিছু পাওয়ার অপশন বা শক্তি সাশ্রয়ী বিকল্প পরীক্ষা করে সেগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন এনে দেখতে পারেন।

পুরনো সফটওয়্যার, উচ্চ তাপমাত্রা বা ল্যাপটপে সংযুক্ত বিভিন্ন ডিভাইসও ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে।

যে কারণেই হোক না কেন, চার্জার সংযোগ না থাকলে ব্যাটারির চার্জ কতটুকু অবশিষ্ট আছে সেদিকে নজর রাখা সবসময়ই জরুরি। সার্বিক বিচারে, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া ব্যবহারকারীর নিজের ভুলের কারণেই বেশি ঘটে।

ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে চাইলে ঘন ঘন ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ করে ফেলাকে অভ্যাসে পরিণত না করাই ভালো।