কক্সবাজারে আগুনে নিহত ১০: ডিএনএ নমুনা দিতে পরিবারের সদস্যরা সিআইডির দপ্তরে
“১০ জনের লাশ ভয়ানক রকমভাবে পুড়ে অঙ্গার গেছে, চেনার উপায় নেই।”
কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুন লেগে নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে মালিবাগের সিআইডি অফিসে।
রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “কক্সবাজারের ঘটনায় নিহত পরিবারের কয়েকজন ডিএনএ নমুনা দিতে এসেছেন। আমাদের ফরেনসিক বিভাগ কাজ করছে।"
কক্সবাজারে নিহত ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা ও লায়লা জাহান নাবিলার চাচা আবু তালেব বলছেন, রোববার সকালেই নিহতদের বাবা-মায়েরা মালিবাগের সিআইডি অফিসে যান নমুনা দিতে।।
তিনি বলেন, “কক্সবাজারে নিহতদের দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করছে সিআইডি। ওখানে পরিবারটির কয়েকজন প্রতিনিধি রয়েছে।”
উখিয়ান মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ার টেকের টুপটুপ রিসোর্টে আগুন লাগে শনিবার সকাল সাড়ে ৬টায়। আগুন লেগে ১০ মারা গেছে। তবে একই পরিবারের নয়জনের মধ্যে ছয়জন মারা গেছেন।
এই ছয়জন হলেন- ঢাকার রামপুরা-বনশ্রী এলাকার আশিকুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মালিহা, তার শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি ও ফারিহা কবির এবং পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস তেহামি জেরিফ ও পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহমদ।
স্বজনরা বলছেন, পরিবারটি বৃহস্পতিবার ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যান। শনিবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে সকালে আগুন সব তছনছ করে দেয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছিল, দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ১০ জনের লাশ ভয়ানক রকমভাবে পুড়ে অঙ্গার গেছে। চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে।
