কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৫
“তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত মোট কতজন মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতরা স্থানীয় নাকি পর্যটক তা যাচাই-বাছাই করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে বলে জানান উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।
তিনি সকাল সাড়ে ১০টার দিকে বলেন, আগুনের ঘটনায় হতাহতের কথা শোনা গেছে। তবে কতজন নিহত হয়েছেন বা কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
“আমাদের পুলিশ ও ফায়ার সার্ভিসের দল কাজ করছে। এক ঘণ্টা সময় দিন। এখনই হতাহতের সংখ্যা বলা ঠিক হবে না।”
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস কাজ করছে। লাশ না দেখে সংখ্যা বলা যাচ্ছে না।
কক্সবাজার শহরের প্রবেশদুয়ার কলাতলী থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটারের। আগুনের একপর্যায়ে বাঁশ-কাঠের রিসোর্টটিতে ভস্মীভূত হয়ে যায়।
হতাহতের বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে।
তিনি বলেন, “আমরা সেখানে তল্লাশি চালাচ্ছি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত মোট কতজন মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
