শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক
সাবেক প্রধানমন্ত্রীর ছেলে যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়ের বিষয়ে দুদক সচিব বলেন, “আমাদের যে তদন্ত প্রতিবেদনে আসছে যে, ইউএসএতে তার যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে।“
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের পাশাপাশি বিভিন্ন ব্যাংকে থাকা ১ হাজার ৪৫ কোটি টাকা অবরুদ্ধ করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলার অংশ হিসেবে এসব সম্পদ জব্দ ও অর্থ অবরুদ্ধ করার তথ্য দিয়েছেন সংস্থার সচিব সাইদুর রহমান খান।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, চলমান মামলার অংশ হিসেবে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
সম্পদ জব্দের তথ্য তুলে ধরে তিনি বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে, যেটির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮২০ টাকা।
পাশাপাশি ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে দুদক সচিব বলেন, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে রেড নোটিস অ্যালার্ট জারি করা হয়েছে।
এমন নোটিস জারির কারণ জানতে চাইলে তিনি বলেন, “আপনারা জানেন যে রেড নোটিসগুলো হচ্ছে যখন আমাদের আসামি দেশের বাইরে থাকে, তাদেরকে যখন আমাদের দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করতে পারি না, তখন আমরা রেড নোটিসগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো আমরা জারি করে থাকি।
“আমাদের উদ্দেশ্য হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত নিয়ে আসা। এই কারণে রেড নোটিসগুলো জারি করে থাকি।”
টিউলিপ যুক্তরাজ্যের এমপি হওয়ায় তার ক্ষেত্রে রেড নোটিস কার্যকর করা সম্ভব হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “এটার বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করেছি। পরবর্তীতে যাদের যেটা করণীয় যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারপোলের যে বিষয়গুলো আছে সেটা তারা দেখবে। আমাদের অংশ যেটা করণীয় ছিল সেটা আমরা করেছি, রেড নোটিসটা আমরা অ্যালার্ট জারি করেছি।”
রেড নোটিস কার্যকর হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।
সচিব বলেন, জয়ের সম্পদসংক্রান্ত তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে অনুরোধ করা হয়েছে।
“আমাদের যে তদন্ত প্রতিবেদনে আসছে যে, ইউএসএতে তার যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে। এই তথ্যগুলো সংগ্রহ করার জন্যই আমরা এমএলএ প্রেরণ করেছি। জবাব পেলে আমরা পরবর্তী কার্যক্রম নিতে পারব।”
তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিটি মামলার জন্য আলাদা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে।
“আমরা শুধু সংখ্যায়ই না, আমরা প্রমাণ সংগ্রহে বেশি জোর দিচ্ছি।”
মামলার তদন্তের মান বজায় রাখা, আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপন এবং বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে। সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আছেন শেখ হাসিনা। ওই অভ্যুত্থান দমাতে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড হয়েছে।
ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যাসহ আরও অভিযোগে তার বিরুদ্দে মামলা বিচারাধীন রয়েছে। এর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতেও তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলার বিচার চলছে।
আরও পড়ুন
