১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসে আগুন, ঋণ পরিশোধ নিয়ে শঙ্কা মালিকের

শফিকুল বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:00 PM

Updated : 19 Nov 2026, 12:00 PM

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এতে বাসটি কেনা ও মেরামতের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে শঙ্কার মুখে পড়েছেন মালিক।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ীর স্কয়ার ফ্যাশন সংলগ্ন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন, তবে তিনি অক্ষত আছেন।

মীর এক্সপ্রেস নামের বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

শফিকুলের অভিযোগ, মহাসড়কের পাশে রাখা বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি বলেন, বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। কিভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন বুঝতে পারছেন না।

ভালুকা ফায়ার সার্ভিসের তথ্য মতে, ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, আগুনে বাসের ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে জানান তিনি।