Published : 24 Jul 2023, 01:33 PM
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এর চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার বেলা ১১টার দিকে চাষাঢ়া গোলচত্বরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়৷
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫৮), নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার সালাউদ্দিন সাবু (৪৮) এবং শহরের মাইজদারের পাকাপোল এলাকার রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বিসিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি নির্বাপণে যাচ্ছিল। গাড়িটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়; বাসটি ধাক্কায় দেয় সামনে থাকা একটি প্রাইভেট কার ও কয়েকটি রিকশাকে। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর ও বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহত অবস্থায় রিকশাচালক সিরাজুলকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান বলে জানান তাকে নিয়ে হাসপাতালে আসা সহকর্মী রিকশাচালক মো. সবুজ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টার দিকে সিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, “জানতে পেরেছি, জাহাঙ্গীর হোসেন গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করেন৷ এ কারণে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি।”
এ ঘটনায় আহত ছয়জন হলেন- নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ইরানি (২৬), জামতলা এলাকার সারা (১৮), একই এলাকার নাজমা (৪০), চাঁদমারী এলাকার আমজাদ (৪৫), খানপুর সরদারপাড়া এলাকার রোকন (৪০) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুরের রেশমা (৪০)।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগে ওয়ার্ড বয় সৌরভ বলেন, “চাষাঢ়ায় দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রোকন নামে একজন অর্থেোপেডিক ওয়ার্ডে ভর্তি আছেন।”