২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফায়ার সার্ভিসের চালকদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ

এক চালকের হৃদরোগে আক্রান্ত হয়ে সংস্থাটির গাড়ি দুর্ঘটনায় পড়ার পর এ সিদ্ধান্ত এলো।

ফায়ার সার্ভিসের চালকদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ

নারায়ণগঞ্জে দুর্ঘটনা কবলিত ফায়ার সার্ভিসের গাড়ি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 10:50 PM

Updated : 24 Jul 2023, 11:13 PM

নারায়ণগঞ্জের চালকের অসুস্থতার কারণে একটি দুর্ঘটনার পর সংস্থার সব গাড়িচালকের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার বেলা ১১টার দিকে চাষাঢ়া গোলচত্বরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ধাক্কা দেয় সামনে থাকা কয়েকটি যানবাহনকে। তাতে দুজনের প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়। তাছাড়া ফায়ার সার্ভিসের ওই গাড়ির চালককেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে রাতে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলসে অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৪৮) পানিবাহী গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে।

পুরানো খবর:

আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি, নিহত বেড়ে ৩

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের নির্দেশে সংস্থার সব গাড়িচালকের স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

Image

জাহাঙ্গীর হোসেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দায়িত্ব পালনকালে মারা যাওয়া জাহাঙ্গীর ১৯৯৪ সালে গাড়িচালক হিসেবে সংস্থাটিতে যোগ দেন। কুমিল্লায় জন্ম নেওয়া এই চালকের দুই মেয়ে ও এক ছেলে আছে।

ময়নাতদন্ত শেষে তার কর্মস্থল হাজিগঞ্জ ফায়ার স্টেশনে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।