১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

পূজায় দুর্ঘটনা মোকাবিলায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত: ফায়ার সার্ভিস

দুর্ঘটনা মোকাবিলায় ক্ষেত্রবিশেষে পূজামণ্ডপের কাছাকাছি প্রস্তুত থাকার কথাও বলছে ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 06:14 PM

Updated : 17 Oct 2026, 06:14 PM

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে নিজেদের তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় সংস্থাটির জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখার কথা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

দুর্ঘটনা মোকাবিলায় দূরত্ব কমাতে ক্ষেত্রবিশেষে পূজামণ্ডপের কাছাকাছি প্রস্তুত থাকার কথা তুলে ধরে শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা শুধুমাত্র একটা কল পরিমাণ দূরত্বে রয়েছি। আপনারা কল করলেই আমাদেরকে যেকোনো সময় পাবেন।

“আমাদের স্টেশন পর্যায়ের সকল অফিসার ও ফায়ার ফাইটাদের রেডি রেখেছি, যেকোনো সময়ে যাতে ত্বরিত আমরা রেসপন্স করতে পারি। এটা আসলে একটা টিমওয়ার্ক হবে।”

সারা দেশে এবার ৩১ হাজারের বেশি পূজামণ্ডপ থাকার কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, “পূজামণ্ডপ তৈরির সময় অস্থায়ীভাবে বিভিন্ন প্যান্ডেল তৈরি হয় এবং ওখানে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়। সেক্ষেত্রে যে তারগুলো ব্যবহার করে, সেগুলো মানসম্মত থাকে না, বাড়তি লোডের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে।

“আবার কখনো মণ্ডপের কাছে খাবার রান্নার সময়ও নানাভাবে অগ্নিদুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েছি, পূজা কমিটির সাথে শুরু থেকেই আমাদের যোগাযোগ রয়েছে।”

তিনি বলেন, “আমাদের যে ৫৩৮টি স্টেশন রয়েছে। এই স্টেশনে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন, তারা পূজামণ্ডপে পূজা কমিটির সাথে জনসংযোগ করেছেন।”

পূজা কমিটিকে পরামর্শ দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটলে কীভাবে ব্যবস্থাপনা করতে হবে, সেই বিষয়েও ধারণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিভিন্ন ‘অপশক্তি ও স্বার্থান্বেষী’ মহল দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

“সেজন্য আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আছে, তারা যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছে আমি জানতে পেরেছি। আমি নিশ্চিত যে তারা কোনোভাবেই কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না,” যোগ করেন তিনি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণকক্ষসহ বিভাগীয় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে বলেও জানিয়েছেন তিনি।