কেরাণীগঞ্জে আগুন: দগ্ধ আরেকজনের মৃত্যু
এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
ঢাকার কেরাণীগঞ্জে এসএস টয় ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাত সাড়ে ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
সেদিন দুপুর সোয়া ১২টার দিকে কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকার খেলনা কারখানাটিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আটতলা ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে গিয়ে প্রচণ্ড ধোঁয়া ও আগুন দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
“কারখানার ভেতরে খেলনায় ব্যবহারের জন্য রং রাখা ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”
নিহত ওই ব্যক্তির নাম সাকিব; বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।
এছাড়া আরও একজন আহত হন বলে জানান নজমুজ্জামান।
