২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগের রাতে গাজীপুরে বাস ও বাইকে আগুন

বিএনপি-জামায়াত হরতাল ডাকার পর শনিবার রাতে এ ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 09:28 AM

Updated : 29 Oct 2023, 03:44 PM

বিএনপির হরতালের আগের রাতে গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে হয়েছে বোমাবাজি।

শনিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী এলাকার চায়না ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান খান জানান।

এসআই মশিউর বলেন, “দুর্বৃত্তরা প্রথমে চারটি ককটেল নিক্ষেপ করে। সেগুলোর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে তারা।“

কালীগঞ্জ থানার ওসি মো. ফাইজুর রহমান বলেন জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ এই খবর পেয়ে পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, “সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।“

এর আগে শনিবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার আঞ্জুমান ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সে সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যেতে কালিয়াকৈর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের বাসটি ভাড়া করা হয়েছিল। সমাবেশ থেকে ফিরে বাসটি ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।

রাত ৯টার দিকে পাঁচ থেকে ছয়জন যুবক প্রথমে বাসটির কাচ ভাঙচুর করে; পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের প্রায় পুরোটাই পুড়ে যায়।

ওসি আশরাফ উদ্দিন বলেন, “কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন ধরিয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে পালিয়ে গেছে।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুরনো খবর:

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ