Published : 29 Oct 2023, 12:29 AM
গাজীপুর মহানগরীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।
শনিবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার আঞ্জুমান ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যেতে কালিয়াকৈর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাড়া করা হয়। সমাবেশ থেকে ফিরে বাসটি ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।
রাত ৯টার দিকে পাঁচ থেকে ছয়জন যুবক প্রথমে বাসটির গ্লাস ভাঙচুর করে; পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের অধিকাংশই পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “বাসটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন যুবক এসে বাসটি ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাদের কাউকে আমরা চিনতে পারিনি।”
ওসি আশরাফ উদ্দিন বলেন, “কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন ধরিয়ে দেওয়া পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে পালিয়ে গেছে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ১০টার দিকে বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
এদিকে হরতালের সমর্থনে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মশাল মিছিল করেছে বিএনপি। কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।