আলীকদমে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বহাল ৩ উপজেলায়
রোয়াংছড়ি, রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে।
ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা বান্দরবানের চার উপজেলার মধ্যে আলীকদমের নাম প্রত্যাহার করেছে প্রশাসন। তবে অপর তিন উপজেলায় নিষেধাজ্ঞা আরও চারদিন বাড়ানো হয়েছে।
রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও চার দিন বাড়িয়ে ১২ নভেম্বর করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক ইয়াছমীন পারভিন তিবরীজি স্বাক্ষরিত এবং বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ১২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আলীকদম উপজেলাকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করার বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও এ উপজেলাকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম।
মেহরুবা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণবিজ্ঞপ্তিতে সুনিদিষ্টভাবে উল্লেখ করা হয়নি; কিন্তু আলীকদম উপজেলাকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আলীকদম উপজেলায় পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারবে।
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্ত এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্ত এলাকায় যৌথ অভিযানের মধ্যে নিরাপত্তার কারণে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ করে প্রশাসন।
এরপর ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরও দুই উপজেলা থানচি ও আলীকদমে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। এই চার উপজেলায় মাঝখানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।
আরও পড়ুন:
