১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, যা বলছে ফিফা

কাতারে আসর শুরুর সপ্তাহ খানেক আগে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা শঙ্কায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, যা বলছে ফিফা

ছবি: ফিফা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:34 PM

Updated : 12 Nov 2026, 08:34 PM

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির আলোকে’ তারা টুর্নামেন্ট-পূর্ব ক্যাম্প বাতিল করছে এবং এই আসরে দলের অংশগ্রহণও প্রত্যাহার করে নিচ্ছে।

এর কারণ হিসেবে তারা কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কবার্তা এবং সেখানে কর্মরত দূতাবাস কর্মী ও তাদের পরিবারের জন্য জারি করা নির্দেশনার কথা উল্লেখ করেছে।

গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কথা উল্লেখ করা হয় ওই হালনাগাদ নির্দেশনায়।

যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের চিঠিতে বলা হয়েছে, “আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা সবসময়ই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

ফেডারেশন জানিয়েছে, তারা বুধবারই খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবকেও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের জনসমক্ষে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।

ফিফা রয়টার্সকে জানিয়েছে যে, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কথা তাদের জানানো হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফিফার নিরাপত্তা মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি এবং টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে, এমন কোনো নতুন ঘটনাও ঘটেনি।”

বিবৃতিতে আরও বলা হয়, “ফিফা বুঝতে পারছে যে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কবার্তার প্রেক্ষিতেই তাদের ফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।”

৪৮ দলের এই টুর্নামেন্ট ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। ২১ নভেম্বর মন্টিনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের, ‘জে’ গ্রুপে এরপর চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল দলটির।

ফিফা বলেছে, “সকল অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফার অন্যান্য টুর্নামেন্ট ও ইভেন্টের মতোই, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং কাতারে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আছি।

“সাম্প্রতিক সময়ে কাতার সফলভাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে।”

গত বছর কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র শেষ বত্রিশে উঠেছিল। ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করবে কাতার।