২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটি এক সপ্তাহ চিকিৎসা শেষে ১৩ মার্চ সিএমএইচে মারা যায়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

মাগুরার আলোচিত আট বছরের সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্য, ১৬৪ ধারায় জবানবন্দি, ডিএনএ পরীক্ষা, তথ্য-প্রমাণাদির পরিপ্রেক্ষিতে প্রধান আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। 

মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত মামলার রায়ের জন্য ১৭ মে দিন রাখার ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল এই প্রত্যাশার কথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “বাদীর পক্ষ থেকে মামলার সব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। সব সাক্ষী হিটু শেখের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। হিটু শেখও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় হিটু শেখই শিশুটির ধর্ষক- এটা প্রমাণিত হয়েছে। 

“যে কারণে আমরা আশাবাদী, হিটু শেখের মামলার দুটি ধারাতেই সর্বোচ্চ শাস্তি হবে। অন্যদেরও সহযোগিতার কারণে সর্বোচ্চ শাস্তি হবে।” 

এদিকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় হিটু শেখ আবারও সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে নিজেকে নির্দোষ এবং মামলার পুনরায় তদন্ত দাবি করেন। তিনি ধর্ষণের শিকার শিশুটির বড় বোন অর্থাৎ তার পুত্রবধূকে (ছেলে সজীবের স্ত্রী) জিজ্ঞাসাবাদের দাবিও জানান।

আইনজীবী বলেন, ৪০২ ধারায় আসামিদের শনাক্তকরণ ও তাদের বক্তব্য শেষে সোমবার থেকে আদালত যুক্তিতর্ক শোনা শুরু করে। মঙ্গলবার দ্বিতীয় দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক ১৭ মে রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায়। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

মাগুরার আলোচিত সেই শিশু ধর্ষণ-হত্যার রায় ১৭ মে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য না দেওয়ায় ২ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য না দেওয়ায় ২ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: পঞ্চম দিনে চিকিৎসক-নার্সের সাক্ষ্য

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ'

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার