২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদাইরার সন্ন্যাসী উপত্যকায়

পর্তুগালের অধীনস্ত মাদাইরা দ্বীপ ভ্রমণ করলাম। স্থলভাগ থেকে এই বিচ্ছিন্ন দ্বীপটি আটলান্টিক মহাসাগরের মধ্যে জেগে উঠেছে বহু শতাব্দী আগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুব মানিক, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 01:03 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

আমার আজকের লেখায় মূল অংশ এই সন্ন্যাসী উপত্যকা নিয়ে। মাদাইরা দ্বীপের ভ্রমণ বিষয়ে মজার অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লিখবো অন্য লেখাতে।

আমাদের হোটেলটি ছিল মূলত উপকূলীয় এলাকায়। এলাকার নাম কানিসো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার পাঁচতলা রুমের পাশে ব্যালকনির নিচেই আটলান্টিক মহাসাগর। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পাই স্বচ্ছ স্ফটিকের মত নীল পানি। বিস্তৃত বিশাল মহাসাগর, আর একটু দূরে তাকালেই সরলরেখার মতো দিগন্ত, একটু উপরে তাকালে নীল আকাশ।

বড় বড় বিক্ষিপ্ত নীল ঢেউ আছড়ে পড়ছে হোটেলের পাদদেশে৷। মুহূর্তেই সাদা ফ্যানা ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে চারপাশে। কয়েক সেকেন্ড ব্যবধানে এভাবেই চলছে নিরবিচ্ছিন্নভাবে। হোটলের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় পাথরের শিলা।

উত্তাল ঢেউ যখন আছড়ে পড়ে ক্ষয়ে যাওয়া পাথরের শিলায়, সেগুলো একটু বেশি বিক্ষিপ্ত ও ভয়ংকর দেখায়। মনে হয় যেন সবকিছু চুরমার করে পানি উঠে আসবে ভূমিতে। যদিও বাস্তবে এভাবেই চলছে সহস্র শতাব্দী ধরে। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য, যা কখনও আমার খালি চোখে দেখার সৌভাগ্য হয়নি।

সকাল ৯টায় হোটেল থেকে যাত্রা শুরু করলাম। ট্রিপ অ্যাডভাইজারের ড্রাইভার হোটেলের গেট থেকে তার গাড়িতে তুলে নিলেন। যাত্রা শুরু হলো। আমার সঙ্গী হলো আমার সহধর্মিনী। পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে চললাম মাদাইরার রাজধানী ফুনশালের দিকে। এই ফুনশাল হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান।

ফুনশাল থেকে দু’জন ব্রিটিশ বয়স্ক দম্পতিকে তুলে নিয়ে ড্রাইভার ফের ছুটিয়ে চললেন মাশিনোর দিকে। সেখানে পথিমধ্যে একটি হোটেল থেকে আরও চারজন পর্যটকও তিনি উঠিয়ে নিলেন। এরা সবাই বিভিন্ন দেশের পর্যটক। আমাদের আজকের গন্তব্য ছিল নান।স ভ্যালি, মাদাইরা। বাংলা করলে দাঁড়ায় মাদাইরার সন্ন্যাসী উপত্যকা।

পর্যটক সমেত আমাদের গাড়ি এগিয়ে চললো নান’স ভ্যালির দিকে। রাস্তার চারপাশ দেখে চমকে যাবার মতো অবস্থা হলো! সাপের মতো কুণ্ডলি পাকানো অলি-গলি, রাস্তাঘাট। উঁচু-নিচু পাথরের পাহাড় কেটে তৈরি হয়েছে রাস্তা। কখনও খাড়া উঁচু রাস্তা, আবার খাড়া ঢালু। রাস্তা এতটাই খাড়া যে কোন গাড়ি নিমেষেই গড়িয়ে প্রায় পাঁচশ’ মিটার নিচে মহাসাগরের বুকে আছড়ে পড়বে। তারপরেও আছড়ে পড়ে না। সে সুযোগ নেই।

সব রাস্তাতে নিরাপত্তার ব্যাপারটা সত্যিই প্রশংসনীয়। রাস্তা ঘিরে রয়েছে শক্তিশালী ব্যারিকেড। এছাড়াও তুখোড় চালক না হলে এখানে গাড়ি চালানো দুস্করই বটে। রাস্তার অদূরে অতল গভীরে ছাদে লাল টালি লাগানো ছোট ছোট বাড়িগুলো নিমেষেই চোখে পড়ে। সূর্যের আলোয় ছাদগুলো চকচক করছে। কয়েক শত মিটার উঁচু থেকে সেগুলো ম্যাচ বাক্সের মতোই দেখা যায়।

যাত্রাপথের মাঝে পড়লো বিশাল সুড়ঙ্গ। পুরোটাই পাহাড় কেটে তৈরি হয়েছে। আনুমানিক দুই কিলোমিটারের উপরে এই সুড়ঙ্গের দৈর্ঘ্য। দূর থেকেই বোঝা যাচ্ছে সুড়ঙ্গের পুরোটাই পাথরের পাহাড় মাঝখানে গর্ত করে তৈরি করা হয়েছে।

নান’স ভ্যালি মাদাইরা। বাংলা করলে দাঁড়ায় সন্ন্যাসী উপত্যকা ও পর্তুগীজরা জায়গাটিকে বলে কুরাল দাস ফ্রাইরাস। অপরূপ নৈস্বর্গীয় পাহাড় ঘেরা উঁচু-নিচু উপত্যাকা। কঠিন শিলার এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছিলো আগ্নেয়গিরির লাভা উদগীরণের ফলে। শক্তশালী পাথরের পাহাড়।

নান’স ভ্যালি মূলত চারপাশে উঁচু পাহাড় ঘেরা একটি বন্ধুর উপত্যকা। গোটা কয়েক বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই ছোট্ট মফস্বল শহর। সবকিছুর মূলেই রয়েছে একটি গির্জা এবং খ্রিস্টধর্মীয় সন্ন্যাসী। যাদের নামে উৎসর্গ করা হয়েছে এই উপত্যকার নাম।

২৫ বর্গ কিলোমিটারের এই উপত্যাকায় সর্বমোট জনসংখ্যা দুই হাজারের মতো। এখানে সর্বপ্রথম মানব বসতি স্থাপিত হয় ১৪৬২ খ্রিস্টাব্দে। তখন অবশ্য পর্তুগীজদের অধীনে এখানে দাস প্রথা চলতো। দাস কিনে তাদের দিয়ে এখানে পাহাড় কাটা, সুড়ঙ্গ খোড়ার মতো দুরূহ কাজ করানো হতো। যদিও জায়গাটা সভ্য হয় মোটামুটি ১৭৮০ খ্রিস্টাব্দের দিকে।

প্রথমেই আমাদের গন্তব্য ছিলো উপত্যকা ঘিরে রাখা পাহাড়গুলোর চূড়ায়। পাহাড় কেটে কেটে সাপের মতো রাস্তা পাকাতে পাকাতে উপরে উঠে গিয়েছে। পাহাড়ের চূড়ায় ১ হাজার ৫৪ মিটার উঁচুতে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ দর্শন কেন্দ্র। এখানে দাঁড়িয়ে নান’স ভ্যালির বাসা-বাড়ি সব পয়সার চেয়েও ক্ষুদ্র দেখা যায়। পুরোটা শহরই এই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে উপভোগ করা যায়।

এখানে যে পাহাড়গুলো বেষ্টন করে আছে, এগুলোর সর্বোচ্চ উচ্চতা ১ হাজার ৮০০ মিটার পর্যন্ত রয়েছে। চারদিকে পাহাড় ঘেরার কারণে উপত্যাকাটি প্রায় সময়ই মেঘাচ্ছন্ন বা শীতল থাকে। ভরদুপুর ছাড়া সূর্যের আলো বাসা-বাড়িতে খুব কম পৌঁছায়। গুড়ি গুড়ি বৃষ্টি লেগেই থাকে। তবে আমরা সৌভাগ্যবান যে আজকে ভরদুপুরেই চকচকে সূর্যের আলোতে সবকিছু অবলোকন করতে পেরেছি।

এবার আমরা সেই খাড়া পাহাড়ের ঢাল বেয়েই নিচে চলে গেলাম সন্ন্যাসী উপত্যকায়। সমস্ত বসতি গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের কার্নিশ কেটে। তারপরেও যথেষ্ট অবাক হয়েছি এদের নাগরিক সুযোগ-সুবিধার ব্যাপকতা নিয়ে। কী নেই সেখানে? বাসা-বাড়ি, বিদ্যালয়, কলেজ, গির্জা, ছোট-বড় দোকানপাট, রেস্টুরেন্ট, ভূগর্ভস্থ পানির লাইন, ড্রেইন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত ট্রাফিক ব্যবস্থা, শহরের সাথে বাস যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সবই মেলে এখানে।

সন্ন্যাসী উপত্যকায় বাড়িঘর দেখলাম, পাহাড় দেখলাম, গির্জা দেখলাম, গির্জার ফাদার দেখলাম, প্রার্থনারত মানুষ দেখলাম, রেস্টুরেন্টে গিয়ে আইসক্রিম খেলাম, স্থানীয় মানুষদের দেখলাম। শুধু দেখা মিললো না সন্ন্যাসীদের। সন্ন্যাসী উপত্যকায় সন্ন্যাসী এখন শুধুই ইতিহাস।

লেখক: মাহবুব মানিক, বৈজ্ঞানিক গবেষক, মার্সেবুর্গ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স, জার্মানি

এই লেখকের আরও লেখা

জার্মানিতে বায়োপলিমারের যুগ দর্শন

প্রবাসীর কালবৈশাখীর স্মৃতি

জার্মানিতে পিএইচ.ডি. পেতে করণীয়

প্রবাসের চিঠি: জার্মান জীবনে শিষ্টাচার

জার্মানির প্রাচীন বৃক্ষ-বাগানের ইতিকথা

 অচল পয়সার বাজার ও চকলেট প্রথা

কাপড়ের ভাঁজে যেখানে বাংলাদেশ লেখা

প্রবাসের চিঠি: প্রিয় অসৎ মানুষেরা!

না ফেরার দেশে প্রিয় বাবার স্মৃতি

প্রবাসীর স্মৃতিকথা: স্কুলের ডং ডং ঘণ্টা ও টিফিন

মায়ের কাছে জার্মান প্রবাসীর খোলা চিঠি

চিকিৎসা সেবার এপার-ওপার

যত দূরে থাকে প্রিয়া, ততো কাছে রাখে তারে হিয়া

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!