অস্ট্রেলিয়ায় মাশরাফির সাথে এক মুহূর্ত
একবার বাংলাদেশ ক্রিকেট দল সিডনি আসছে অস্ট্রেলিয়ার কাউন্টি দলগুলোর সাথে দু’টা ওয়ার্ম-আপ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে, ইন্টারনেটে এই খবর পাওয়ার পর আমাদের তৎপরতা বেড়ে গিয়েছিল।
কীভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দেখা করা যায়, সেই পথ খুঁজছিলাম আমরা। বিশেষ করে আমার মেয়ে তাহিয়ার জন্য। তাহিয়ার বয়স যখন মাত্র চার বছর, তখন বাংলাদেশে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
আমি ফুটপাতের দোকান থেকে আমার আর তাহিয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি কিনে আনলাম। নতুন কিছু পেলে তাহিয়া এমনিতেই অনেক খুশি হয়, তাই জার্সি পেয়েও অনেক খুশি হলয়। আর সেইসাথে হাজারও প্রশ্নে আমাকে অস্থির করে দিল। তার মধ্যে এমন কিছু প্রশ্ন ছিলো, “বাবা, বাংলাদেশ দলের বস কে?”
উত্তরে আমি বললাম, “মাশরাফি।” শুনে কী বুঝলো জানি না, কিন্তু সমঝদারের মতো মাথা নাড়তে শুরু করে দিল। এরপর যেদিনই বাংলাদেশ দলের খেলা থাকে, আমরা সারা সময় বাংলাদেশ দলের জার্সি পরে সারা বাসা ঘুরে বেড়াই। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি তাহিয়ার ভালোবাসার শুরুটা এভাবেই।
এরপর আমরা একসময় অস্ট্রেলিয়া চলে এলাম, আর সাথে করে নিয়ে এলাম বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। যথারীতি যেদিনই বাংলাদেশের খেলা থাকে, সেদিন আমরা বাংলাদেশের জার্সি পরে সারা বাসাময় ঘুরে বেড়াই।
এক বড় ভাই দেশ থেকে আসছেন শুনে শ্যালক রাব্বিকে বললাম, আমাদের তিনজনের জন্য তিনটা জার্সি কিনে উনার কাছে দিয়ে দিতে। কারণ, ততদিনে আমার স্বাস্থ্যও একটু স্ফীত হয়েছে, আর তাহিয়াও বেশ খানিকটা লম্বা হয়ে যাওয়াতে আগের জার্সি দুটো আর ভালোমতো আমাদের গায়ে লাগে না।
এরপর আমরা যখনই বাংলাদেশের খেলা শুরু হয়, তখনই তিনজন বাংলাদেশ দলের জার্সি পরে সারা বাসাময় ঘুরি এবং খেলা দেখি। তাই বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে, বিশেষ করে মাশরাফির সাথে সাক্ষাতের জন্য বিভিন্ন উপায় খোঁজা শুরু করলাম।
মাশরাফির প্রতি আমার নিজেরও এক ধরনের বিশেষ রকমের দুর্বলতা ততদিনে তৈরি হয়ে গেছে। বিশেষত দেবব্রত মুখোপাধ্যায়ের ‘মাশরাফি’ বইটা পড়ার কারণে। মাশরাফির শৈশব এবং কৈশোরের দুরন্ত দিনগুলোর ঘটনাপঞ্জি পড়ি আর সাথে সাথেই আমার চোখের সামনে আমার শৈশব এবং কৈশোরের দিনগুলো ছবির মতো ভেসে ওঠে।
ইন্টারনেট-ফেসবুক ঘেঁটে বের করার চেষ্টা করলাম, কীভাবে মাশরাফিদের সাক্ষাৎ পাওয়া যায়? বিশেষ করে এর আগে যারা সিডনিতে ওদের সাথে ছবি তুলেছে, তাদেরকে ফেসবুকের ম্যাসেঞ্জারে ম্যাসেজ পর্যন্ত দিতে থাকলাম। পরিচিতদেরকে জিজ্ঞেস করলাম, ওরা কোথায় কোন হোটেলে উঠেছে ইত্যাদি। কিন্তু কোনভাবেই কোন কুল-কিনারা করতে পারলাম না।
আমার এত আগ্রহ দেখে সবাই পরামর্শ দিল, তুমি তোমার মেয়েকে নিয়ে খেলা দেখতে যাও, তাহলে ওদের সাথে ছবি তুলতে পারবে। কিন্তু সেটা আমার কাছে যুৎসই মনে হলো না। কারণ, সেখানে হাজার হাজার বাংলাদেশির ভিড়ে আমরা কোথায় হারিয়ে যাব, তখন আর আমাদের খুঁজেই পাওয়া যাবে না।
আমি কোন উপায় না বের করতে পেরে বললাম, “এইবার আর সাক্ষাৎ করতে পারছি না মা।” এটা শুনে তাহিয়া অনেক মন খারাপ করলো। আমার নিজেরও অনেক খারাপ লাগছিল তাহিয়াকে দেওয়া কথাটা রাখতে পারলাম না বলে।
এরপর হঠাৎ করেই আমার গিন্নি সিদ্ধান্ত নিল, দেশে বেড়াতে যাবে। কারণ, সস্তায় বিমানের টিকিটের একটা ডিল পাওয়া গেছে আর তাহিয়ার স্কুলও ছুটি আছে। শুনে আমিও খুশিমনে রাজি হয়ে গেলাম। কারণ, বেশ কিছুদিন ব্যাচেলর লাইফ কাটানো যাবে। একটাই খারাপ লাগা থাকবে, দিন শেষে অফিস থেকে ফিরে বাসার দরজা খোলার সময় রায়ান আর তাহিয়া দৌড়ে এসে কোলে ঝাঁপিয়ে পড়বে না।
যাহোক, টিকিট কিনে নির্দিষ্ট দিনে গিন্নি, তাহিয়া আর রায়ানকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেলাম ট্রেনে করে। ট্রেন থেকে নামলেই সিডনির আন্তর্জাতিক বিমানবন্দর। ওদের চেক-আউট সবে শেষ করে ঘুরে দাঁড়িয়েছি কাউন্টার ত্যাগ করার জন্য। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে পিছন ফিরে তাকিয়ে দেখি, একজন ছেলে আমাদের দিকে পিছন ফিরে অন্যদিকে তাকিয়ে আছে।
আমি কণ্ঠ শুনেই বুঝে গেলাম, এটা মাশরাফি। তাহিয়ার ভাষায়- বাংলাদেশের ক্রিকেটের বস। আমি দৌড়ে গিয়ে বললাম, “মাশরাফি ভাই, ভালো আছেন?” উত্তরে মুচকি হাসি দিয়ে বললেন, “জ্বি, ভালো আছি। আপনি কেমন?” উত্তরে আমি বললাম, “আমার মেয়ে তাহিয়া আপনার অনেক বড় ভক্ত, ওকে ডেকে আনি।” বলেই পাশে দাঁড়ানো তাহিয়াকে ডেকে উনার পাশে দাঁড় করিয়ে দিয়ে বললাম, “অতিরঞ্জিত মনে না করলে একটা ছবি তুলে রাখি ভাই?”
উনি বললেন, “অবশ্যই তুলবেন।” ছবি তুলতে গিয়ে লক্ষ করলাম, মাশরাফির ডান হাতটা কাঁধের সাথে ঝোলানো। সেটা দেখে বললাম, “আবার ভাঙলেন হাতটা?” মনে মনে বলছিলাম, “এটা তো শুধু মাশরাফির ডান হাত না, এটা আসলে বাংলাদেশের ডান হাত।”
ছবি তোলা শেষে আমাকে জিজ্ঞেস করলেন, “আপনি কী সিডনিতেই থাকেন?” আমি বললাম, “জ্বি, আমরা ২০১৫ সালে অস্ট্রেলিয়া এসেছি। তারপর থেকে সিডনিতেই আছি।” তারপর বললেন, “আপনারাও কী একই ফ্লাইটে যাচ্ছেন?” আমি বললাম, “আমি যাচ্ছি না, তবে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি।” উনি বললেন, “ও আচ্ছা, ভালো থাকবেন।” বলে অন্য খেলোয়াড়দেরসহ অন্য দিকে পা বাড়ালেন।
সবকিছু ঘটে গেল মুহূর্তের মধ্যেই। মনে হচ্ছিল, আমি যেন স্বপ্ন দেখছি! সাথে সাথেই ফেসবুকে স্ট্যাটাস দিলাম, “দেখুন তাহিয়ার সাথে একই ফ্লাইটে কে যাচ্ছে?” ওদেরকে পৌঁছে দিয়ে অফিস হয়ে বাসায় ফেরার পথেই কেমার্ট সুপারশপে গিয়ে ছবিটা ওয়াশ করে সাথে একটা ফ্রেমও কিনে নিলাম। তারপর বাসায় পৌঁছে তাহিয়ার ঘরের দেয়ালে ছবিটা টাঙিয়ে দিলাম। ছবিটা এমনভাবে টাঙালাম, যাতে করে ঘুমাতে যাওয়ার আগে তাহিয়ার চোখে পড়ে সেটা।
তারপর তাহিয়ারা বাংলাদেশে পৌঁছালে ওর মাকে ছবি টাঙানোর ঘটনাটা বললাম। শুনে সে যথারীতি আমাকে ‘পাগল’ আখ্যা দিল। আমি মনে মনে বললাম, “দাও পাগল আখ্যা।” বিশ্বের বুকে এখন আমাদের গর্ব আমাদের ক্রিকেট আর তার বস মাশরাফি। এত ভেদাভেদ হানাহানি সত্ত্বেও পুরো দেশ এই একটা জায়গায় এসে মিলে যায়।
লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী
মেইল: yaqub_buet@yahoo.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
