২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলেতে পোকামাকড়ের সাথে ঘরবসতি

হ্যামিলিনের বাঁশিওয়ালার কথা মনে আছে আপনাদের? বাঁশির সুরে শহর থেকে ইঁদুর তাড়িয়েছিল যে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শারমিন জান্নাত ভুট্টো, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 12:16 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

ছোটবেলায় যখন এই গল্পটি প্রথম পড়ি, তখন শুধুই মনে হচ্ছিল- একটা শহরে কীভাবে এতো ইঁদুর থাকতে পারে? সেই সময়ের ওই গল্পকে অবিশ্বাস্য মনে হলেও এখন তা অনেকটাই বিশ্বাস করতে শুরু করেছি।

ইংল্যান্ডে ২০১২ সালে আসার পর মানুষ ছাড়া অন্য যে প্রাণীর অস্তিত্ব বাসায় প্রথম অনুভব করি, সেটি হচ্ছে ইঁদুর। শুধু বাসা-বাড়ি বললে ভুল হবে, কারণ প্রতিটি আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে শুরু করে স্টেশনে অবস্থিত কিছু কিছু খাবারের দোকান, এমনকি সেই সব দোকানের রান্নাঘরেও দেখা মেলে অপ্রত্যাশিত ইঁদুরের।

গত ছয় বছরে স্টেশনের বিভিন্ন খাবারের দোকানে কাজ করে যেমন দেখেছি বিভিন্ন বর্ণ, শ্রেণী, বয়স ও ধর্মের মানুষ, তেমনি চিনেছি নানা জাতের ইঁদুর। বাচ্চা ইঁদুর, বড় ইঁদুর, পেটমোটা ইঁদুর, কালো ইঁদুর, বাদামি বা হলুদ ইঁদুর ইত্যাদি। ইঁদুরেরও যে প্রকারভেদ ও বৈশিষ্ট্য আছে, তাও জানতে পারলাম এই বৃটেনে এসেই।

ইঁদুরের পর দ্বিতীয় যার খোঁজ মিললো, সেটি মোটামুটি গায়ে চুলকানি ধরিয়ে দিতে ওস্তাদ। ‘বেডবাগস’ বাংলায় যাকে আমরা বলি ছারপোকা। ছারপোকার আনাগোনা হয় মূলত বাসা-বাড়ি অপরিচ্ছন্ন-অপরিষ্কার রাখার ফলে। সেই সাথে আবহাওয়ার স্যাঁতস্যাঁতে ভাব অনেকটাই দায়ী এই প্রাণীর বসত তৈরিতে।

এ পর্যন্ত ছয়টি বাসায় ভাড়া ছিলাম, তার মধ্যে তিনটি বাসাতেই এই প্রাণীর বিচরণ চোখে পড়লো। বলার অপেক্ষা রাখে না, বাসাগুলোর করুণ পরিণতির জন্যই ছাড়পত্র পেয়েছে ছারপোকাগুলো। তবে এটাও ঠিক, বাড়ির মালিকরা স্থানীয় কাউন্সিল এবং পেস্ট কন্ট্রোলার কোম্পানির সাহায্যে ইঁদুর থেকে শুরু করে ছারপোকাকে ঘর থেকে তাড়িয়ে দিতো।

সম্প্রতি বিবিসির এক সংবাদে জানা যায়, ওক প্রশেসনারি মথ (ওপিএম) নামের লার্ভা পর্যায়ের এক ধরনের বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাবে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও লন্ডনে। এসব পোকার কারণে হাঁপানি, বমি ও চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের ফরেস্ট্রি কমিশন।

এমনিতেই কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেখানে থাকে ছারপোকার অত্যাচার। অনেকটা একটা কিনলে আরেকটা ফ্রীর মতো।

একটু আগেই বলছিলাম, বাসা-বাড়িতে ইঁদুরের বসতির কথা। এখন যে বাড়িতে জেরি তথা ইঁদুর আছে, সেখানে টমের উপস্থিতি কীভাবে না মেলে বলুন তো? তবে হ্যাঁ, এইসব বিড়ালগুলো বেশিরভাগ সময়েই কিচেনের জানালা দিয়ে ঢোকে।

বিদেশি বাড়িতে ইঁদুর আর বাঙালি বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, অন্তত মাছের কাঁটার খোঁজে হলেও উঁকি দেয় ছন্নছাড়া বিড়ালগুলো। তবে এ বিড়ালগুলোর দেখা সব সময় মেলে দিনের বেলায়। রাতের বেলায় মাঝে-মধ্যে গোপনেও কেউ কেউ খাবার খোঁজ করতে এসে বাসার পেছনের গার্ডেন তন্ন তন্ন করে ফেলেন! আর যিনি এ কাজটি করেন, তিনি হচ্ছেন আমাদের শিয়াল মামা।

এখানকার শিয়ালগুলো প্রায় হানা দেয় বাসা-বাড়িতে। আমি এমনিতেই কুকুর দেখলে ভীষণ ভয় পাই, যদিও মাঝে মাঝে আমার মনে হয় কুকুরগুলোরও নিশ্চয় আমাকে দেখে ঠিক একই রকম অনুভূতি হয়। তবে এ অঞ্চলের শিয়ালগুলো দেখতে কুকুরের মতো, নাকি কিছু কুকুর দেখতে শিয়ালের মতো- এটা নিয়ে ভীষণ দ্বন্দ্বে থাকি।

শেয়ালের কথা বলতেই একটি ঘটনা মনে পড়লো। লন্ডনে আসার দুই মাসের মাথায় একটা কফিশপে কাজ জোটে আমার। ক্লাসের পর সেই কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত।

একদিন কাজ শেষে বাসার দরজার সামনে ব্যাগের ভেতর চাবি খুঁজছি। অমনি মনে হলো, কে যেনো পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকিয়ে দেখি কিছু নেই। হঠাৎ কেমন যেনো একটা গোঙানির শব্দ কানে আসতে লাগলো। সাহস করে আবারো ঘুরে দেখলাম। একটা আস্ত শেয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাবি খোঁজা নাকি আমাকে দেখছিলো, কে জানে।

শেয়াল মামাকে দেখে যে একটা চিৎকার আমি দিলাম, তাতে করে ওই রাতে আমার বাসার লোকজনের সাথে আরও চার-পাঁচটা বাসারও ঘুম ভেঙ্গে দিয়েছিলাম। আর খেসারত হিসেবে পরেরদিন সকালে বাসার লোকজনের কাছ থেকে নিতে থাকলাম একের পর এক জ্ঞান-উপদেশ। এই যেমন শেয়াল দেখলে কী করবো, কতোটা দূরত্ব বজায় রাখবো ইত্যাদি ইত্যাদি। জ্ঞানের মাত্রা এমন পর্যায়ে ছিলো যে শেয়ালকে তৃণভোজীও বানিয়ে দেওয়া হয়েছিলো।

এ ঘটনার মাসখানেক পর শেয়াল খাবারের খোঁজে আমাদের ঘরেই ঢুকে পড়লো কিচেনের দরজা খোলা থাকার কারণে। প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টায় সে যাত্রায় শেয়াল মামাকে জোর করে কিচেন থেকে বের করলো আমাদের বাসার তিন কর্তাব্যক্তি।

সেই যাত্রায় বাসার লোকজন আর শেয়াল কারও কিছু হয়নি। কারণ এ ঘটনার এক সপ্তাহ পরেই খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম, এক দম্পতি মধ্য রাতে শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আর ঘটনাটি ঘটেছে আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরত্বে। আর এভাবেই কাটছে কোনো না কোনো দিন…

লেখক: প্রবাসী সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার

ই-মেইল: Sharminbhutto@yahoo.com

এই লেখকের আরও লেখা

চুপিচুপি দেশে এসে...

লন্ডনের চিঠি: বিদেশের মাটিতে স্বদেশের ডিম-জুতার রাজনীতি

নির্যাতনেও নির্বাক আমাদের দেশ

প্রবাসীর স্বদেশ ভাবনা: আমরা রেকর্ডে বিশ্বাসী

লন্ডনের চিঠি: দেশে-প্রবাসে অভিজ্ঞতা ও পাকিস্তানি ধৃষ্টতা

লন্ডন থেকে ঘুরতে এসে, প্যারিসে গেলাম পুরোই ফেঁসে

প্রবাসে বসে স্বজন হারানোর খবর

সাইকেলের শহরে একদিন

যুক্তরাজ্যে নন্দিত বাঙালি মডেল সিনথিয়া ও সাজিয়া

গোরস্তানে তিন নারীর ভূত দর্শন!

বাঙালি পরিবেশনকারীর চোখে লন্ডনের পানশালার খদ্দের

ব্রিটেনে ভূতের খোঁজে এক বাংলাদেশি নারী

হ্যালোউইন: প্রেতাত্মাদের ফাঁকি দিতে মুখ লুকিয়ে রাখি!

নেটে খেটে সফল পোস্টার ডিজাইনার

লন্ডনে গিয়ে কাগজের বিয়ে

আইফোন সেভেন: হেল অর হ্যাভেন?

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!