অবরোধে ‘আগুন’ দ্বিতীয় দিনেও, সড়কে বেড়েছে চলাচল
তবে আগের দিনের মতো বড় ধরনের কোনো সংঘাত ও প্রাণহানির খবর মেলেনি। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ও মহাসড়কে কিছু ঘটনা ঘটেছে।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে আগের দিনের চেয়ে বেশি গণপরিবহন দেখা গেছে; লোক চলাচলও বেড়েছে। ট্রাফিক সিগন্যালেও অপেক্ষা করতে হয়েছে। সকালে অফিসমুখী কর্মজীবী মানুষের ভিড় যেমন ছিল, তেমনি সন্ধ্যার পর যানবাহনের আনাগোনা ছিল নগরীতে। এরমধ্যেই কয়েক জায়গায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল দুর্বৃত্তদের।
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক এ কর্মসূচির মধ্যে বুধবার ঢাকায় অফিস-আদালতের পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত কার্যক্রম চলেছে। ট্রেন ও লঞ্চে যাত্রী পরিবহন হলেও ঢাকা থেকে সব রুটের বাস বেশির ভাগ রুটেই চলেনি। স্বল্প দূরত্বের জেলাগুলোর মধ্যে কিছু বাস চললেও তা ছিল হাতেগোনা। দূরের পথে প্রধান বাস টার্মিনালগুলো থেকে বাস ছাড়েনি।
সড়ক, রেল ও নৌপথ অবরোধে বিএনপির পর পৃথকভাবে জামায়াতের ডাকা এদিনের কর্মসূচিতে ঢাকার বাইরেও বেশ কিছু স্থানে আগুন দিয়ে নাশকতার চেষ্টা হয়েছে; তবে আগের দিনের মতো বড় ধরনের কোনো সংঘাত ও প্রাণহানির খবর মেলেনি। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ও মহাসড়কে কিছু ঘটনা ঘটেছে।
আগের দিনের মতো দ্বিতীয় দিনেও অবরোধের সমর্থনে মাঠে দেখা যায়নি বিরোধীদের। তবে কিছু কিছু জায়গায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে সরকারের পদত্যাগ দাবি করেছে।
অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
আর বুলেটপ্রুফ জ্যাকেট পরে দিনভর সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বিএনপির পক্ষ থেকে এদিনও অনলাইনে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে পদত্যাগ দাবি করেছেন।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে ধ্বংসাত্মক রাজনীতি পরিত্যাগ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকার চিত্র
বুধবার দুপুরের দিকে মুগদা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। মাঝের কিছু সময়ে অবরোধকেন্দ্রিক আর কোনো অপ্রতীকির ঘটনার সংবাদ আসেনি। সন্ধ্যার পরপর কাছাকাছি সময়ে শ্যামলী ও বারিধারা এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর বাইরে জনসমাগম বাড়তে থাকায় সড়কে যানবাহনও নামতে থাকে। গণপরিবহনসহ ব্যক্তিগত যানের সংখ্যাও বাড়ে এদিন। নগর পরিবহনের বাসগুলো চললেও দূর পাল্লার বাস প্রায় বন্ধই ছিল। বাসের কাউন্টার থেকে জানানো হচ্ছে, যাত্রী না থাকায় বাস ছাড়া যাচ্ছে না। যাত্রীর অভাবে লঞ্চ চলাচলও কমেছে।
এদিন মতিঝিলের ব্যাংক পাড়া, শেয়ারবাজার সংশ্লিষ্ট এলাকা, বেসরকারি অফিস ও সচিবালয়মুখী সড়কগুলোতে সকালে যানবাহনের চাপ ছিল। পাবলিক বাসের পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলেছে শহরজুড়ে।
সকালে অফিসগামী যাত্রী বেশি পেলেও বিকালে সাধারণ যাত্রী পাওয়ার কথা বলেছেন যাত্রাবাড়ী-গাবতলি রুটে চলাচলকারী বাস খাজা বাবা পরিবহনে চালকের সহকারী তোফায়েল হোসেন। বিকালে তিনি বলেন, “যাত্রী বাড়ছে আজকে। সকালে চাপ ছিল, দুপুরে কম পাইলেও গাড়ি চালাইছি।”
সায়দাবাদ টার্মিনালে অলস পড়ে থাকতে দেখা গিয়েছে দূর পাল্লার বাসগুলোকে। ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলকারী সাকুরা পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক দেলাওয়ার হোসেন বলছেন, ‘‘যাত্রী পাইলে বাস ছাড়া হচ্ছে। এক বাস ছাড়তে দেড়-থেকে দু ঘণ্টার মতো লাগছে।’’
সকাল সাতটায় যে বাস বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল তা ছেড়েছে সাড়ে আটটার পর বলে জানান তিনি।
আগের দিন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা রুটে ইলিশ পরিবহন চললেও বুধবার তা বন্ধ ছিল বলে জানিয়েছেন যাত্রাবাড়ী কাউন্টারের কর্মী মোশাররফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘মালিকের মানা, আইজ কোনো গাড়ি চলবে না। কাইলকা সিদ্ধান্ত নিবে চলবো কি না।’’
এদিন সদরঘাট থেকে যাত্রীর সংখ্যা কমার তথ্য দিয়েছেন লঞ্চের কর্মীরা। কর্ণফুলী-১৪ লঞ্চের মাস্টার মো. মিজান বলেছেন, অবরোধের প্রথম দিনে ১৫৫ জন যাত্রী নিয়ে ভোলার ইলিশায় গিয়েছিল লঞ্চ। কিন্তু বুধবার মোটে ৭০ জন যাত্রী পেয়েছেন।
বিআইডব্লিটিএ এর পরিবহন পরিদর্শন মো. মাহতাব উদ্দিন বলেছেন, সিডিউল অনুযায়ী পাঁচটি লঞ্চ যাত্রী কম থাকায় ছেড়ে যেতে পারেনি।
ঢাকায় তিন বাসে আগুন
বুধবার বেলা পৌনে ১১টার দিকে মুগদায় মিডলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের কর্মী ও যাত্রীরা মিলে আল আমিন নামে এক তরুণকে বাসে আগুন দেওয়ার অভিযোগে আটক করে।
পুলিশ জানিয়েছে, বিএনপি-জামায়াতের অবরোধ সফল করতে আতঙ্ক ছড়নোর জন্য ওই বাসে আগুন দেওয়া হয়েছিল।
এরপর সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী সিনেমা হলের সামনে গাবতলীমুখী ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় যাত্রীবেশী দুর্বৃত্তরা।
প্রায় কাছাকাছি সময়ে বারিধারার কোকাকোলা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে দুই মোটরসাইকেলে আসা পাঁচজন পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায়। এতে বাসটি পুড়ে যায়। দুর্বৃত্তদের সকলের মাথায় হেলমেট ও কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল।
দেশজুড়ে ২১ যানবাহনে আগুন
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, অবরোধ শুরুর পর মঙ্গলবার সকাল ৬টা বুধবার সন্ধ্যা রাত ৭টা পর্যন্ত দেশে মোট ২১টি যানবাহনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
এর মধ্যে ঢাকা মহানগরে পাঁচটি, ঢাকার সাভার, গাজীপুরের কালিয়াকৈর, সাভার এবং নারায়ণগঞ্জ সাতটি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলি ও রাঙ্গুনিয়ায় চারটি, বগুড়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জে চারটি, দিনাজপুরের পার্বতীপুরে একটি ঘটনা ঘটে।
এসব ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
