১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর ডায়ালাইসিস খরচ নিয়ে চিন্তিত পোড়া বাসের মালিক

শুধু শহিদুল আলমের বাসই নয়, বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি বাস ও দুটি লেগুনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:15 PM

Updated : 18 Nov 2026, 04:14 PM

দুটি বাসের ভাড়া থেকে পাওয়া টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন নারায়ণগঞ্জের শহিদুল আলম। কিন্তু বুধবার ভোরে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাসগুলো। এখন স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন শহিদুল।

শুধু শহিদুল আলমের বাসই নয়, বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি বাস ও দুটি লেগুনা।

শহিদুল আলমের বাস দুটি মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির অধীনে চলাচল করত। বুধবার রাতে সেগুলো রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে সড়কে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড় করিয়ে রাখা ছিল।

ঘটনাস্থলের কাছেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

পরে রাত সাড়ে ৩টার দিকে বাসে দুটিতে আগুন দেওয়া হয় জানিয়ে বাসের স্টাফ মো. আলম বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আলম বলেন, “আমি প্রথমে মনে করছিলাম, রোডে ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বলে চিল্লান দিলে একজন বলতেছে, ‘গুল্লি কইরা দে।’ তখন একটা ফাঁকা আওয়াজ করলো কি না জানি না, আমি উল্টা দিকে দৌড় দিছি।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়।

এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলম।

বাসমালিক শহিদুল আলম বলেন, বাস দুটি থেকে পাওয়া ভাড়ার টাকা দিয়েই তিনি অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ চালাতেন। এখন বাস পুড়ে যাওয়ায় স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এই স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়া আমার সব শেষ কইরা দিয়া গেছে।”

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু বলেন, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়।

বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সানারপাড় এলাকায় মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন মহাসড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল।

ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

জুলহাস বলেন, বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো বলে আমরা জানতে পেরেছি। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে বুধবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

আগের সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা বাসে অগ্নিসংযোগ