১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নওগাঁয় গ্যারেজে ২ বাসে আগুন, নাশকতার অভিযোগ

“সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে বাস দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 01:46 PM

Updated : 10 Nov 2026, 01:46 PM

নওগাঁর শহরের বাইপাস সড়কে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ‘আল বাকারা’ পরিবহনের দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে।

গাবতলী মোড় এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত দুটি বাস দুটির মালিক শাকিল আহমেদ জানিয়েছেন।

পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধারণা করলেও বাস দুটির মালিকের দাবি, ‘এটি পরিকল্পিত নাশকতা’।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে তারা। কিন্তু ততক্ষণে বাস দুটি পুড়ে ছাই হয়ে যায়।

আল বাকারা পরিবহনের মালিক শাকিল আহমেদের দাবি, নাশকতা সৃষ্টির জন্যই তার দুটি বাসে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে।

অগ্নিকাণ্ডে তার অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি মিন্টু রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

তিনি বলেন, “সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে বাস দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”