বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন
বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালে বিকল হয়ে পড়ে থাকা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “নথুল্লাবাদ টার্মিনালে পিছনের দিকে বাসটি রাখা ছিলো। বাসটিতে কিছু মাদকসেবী ইয়াবা সেবন করেন।
“ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের উপর সিটে বসে ইয়াবা সেবনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ইঞ্জিন কভারের সিট পুড়ে গেছে।”
তবে একজন বাস শ্রমিকের দাবি, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জানালা দিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে। পরে আমরা আগুন নিভিয়ে ফেলি। এতে বাসটির সামনের কিছু অংশ পুড়ে গেছে।”
এ ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওই শ্রমিক।
এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলামকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
