২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিক্ষিপ্ত বিস্ফোরণ, ভাংচুর- আগুন

বিক্ষিপ্ত ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে ঢিলেঢালাভাবে কেটেছে ১৮ দলীয় জোটের টানা দুই দিনের হরতালের প্রথম দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডাকা এই হরতালের প্রথম দিন দেশের কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

সোমবার সকালে রাজধানীর মতিঝিল, মিরপুর, শ্যামলী ও গাবতলী এলাকায় বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। টিটিপাড়া এলাকায় রেললাইনে বোমা ফাটাতে গিয়ে হাতেই ককটেল ফেটে আহত হন এক যুবক। তাকেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পল্লবীর কালসী এলাকায় একটি বাস, বসাবো এলাকায় একটি হিউম্যান হলার এবং খিলগাঁওয়ে একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে পিকেটাররা। খিলগাঁওয়ের ঘটনায় দগ্ধ এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমন্ডি, তেজগাঁও, কারওয়ান বাজার, বাড্ডা, মালিবাগ, যাত্রাবাড়ী ও জুরাইন এলাকাতেও সকালে ঝটিকা মিছিল থেকে যানবাহনে ঢিল ছুড়ে ভাংচুরের চেষ্টা চালিয়েছে হরতালকারীরা। বংশালের নর্থ সাউথ রোডে গলি থেকে মিছিল নিয়ে বেরিয়ে হরতালকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে ওসি কুদ্দুস ফকির জানান।    

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, হরতালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় মোট ৪৬ জনকে আটক করা হয়েছে।

অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হরতালের প্রথম দিন রাজধানীসহ সারাদেশে তাদের ৫ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যান্য হরতালের দিনের মতো সোমবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সকালে সড়কে গণ পরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করে। 

এদিন গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে কমলাপুর স্টেশন থেকে যথারীতি ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান।

গত ১১ মার্চ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর এক ঘণ্টার মাথায় বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায় পুলিশ।

পরদিন ফখরুল খোকা ও আলতাফকে ছেড়ে দেয়া হলেও বাকি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ ও ১৯ মার্চ দুদিনের এই হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

পল্টনের চিত্র

হরতালে সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় রাজধানীর সড়কগুলোতে। বিভিন্ন অলিগলিতেও পুলিশের টহল দেখা যায়। জলকামান ও এপিসি নিয়ে নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকায় কড়া নজরদারি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

হরতালের প্রথম দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সকালে কার্যালয়ের প্রধান ফটকে এসে সাংবাদিকদের বলেন, পুলিশ তাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। এ কারণে তারা নিজেদের কার্যালয়ের সামনেও মিছিল করতে পারছেন না।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “হরতালকে কেন্দ্র করে পুলিশ-র্যাবের আশ্রয়ে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সারাদেশে ভায়বহ তাণ্ডব চালাচ্ছে। ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের বাসায় তল্লাশির নামে ভাংচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের নির্যাতন চালাচ্ছে। দেয়া হয়েছে হাজারো মিথ্যা মামলা।”

তিনি দাবি করেন, হরতালের প্রথম দিন সারাদেশে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও সরকার সমর্থকদের ‘হামলায়’ আহত হন ৪ শতাধিক নেতাকর্মী।

“সরকারে শত প্রতিবন্ধকতার মধ্যেও দেশের মানুষ হরতালে স্বতস্ফূর্ত সমর্থন দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশবাসী সর্বাত্মক হরতাল পালন করবে বলে আমরা আশা করি।’’

৪৮ নয়, হরতাল ৩৬ ঘণ্টার

হরতালের সময় নিয়ে জনমনে বিভ্রান্তির প্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুই দিনের এই হরতাল কর্মসূচি শেষ হবে।

এই হরতাল ৪৮ ঘণ্টা, না ৩৬ ঘণ্টা হবে প্রশ্ন করা হলে যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন বলেন, “হরতাল শুরু হয়েছে ভোর ৬টায়। শেষ হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়।”

সোমবার হরতাল চলাকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হরতালের সময়সীমা কমানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সময়সীমা কমানো হয়নি। সোমবার সকাল ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতালের কর্মসূচি ছিল। তা ঠিক আছে।”

সারা দেশের চিত্র

হরতালে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে চট্টগ্রামেও। সকালে নগরীর মোমিন রোডে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এছাড়া বন্দরনগরীর বাকলিয়া ও টাইগারপাস এলাকায় দু’টি অটোরিকশা ভাংচুর করার পাশাপাশি সার্সন রোডে একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে  হরতাল সমর্থকরা।

বাঁশখালীতে একটি সেতুর পাটাতন খুলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় জামায়াতে ইসলামী কর্মীরা। ফলে উপজেলা সদরের সঙ্গে তিন ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রংপুরে রেললাইনে আগুন দিয়ে সড়কে যানবাহন ভাংচুর করে পিকেটাররা। নগরীর বিভিন্ন স্থান থেকে ১৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।

রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের শিংগীমারী রেল সেতুতে আগুন ধরিয়ে দেয়া হলে রেল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে রেললাইনের পাঁচটি স্লিপার পুড়ে যায়।

এছাড়া রংপুর শহরের বিভিন্ন এলাকায় ১০টি যানবাহন ভাংচুর করে হরতালকারীরা।   

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় হরতালের সমর্থেনে মিছিল থেকে দুটি হাতবোমা ফাটানো হলে এক যুবক আহত হন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর পাঁচজনকে আটক করা হয়। পুলিশ ফাঁকাগুলি ছুড়ে ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নোয়াখালীতে পিকেটাররা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

ঝিনাইদহে হরতালের প্রথম দিন আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি শহীদ মিনারে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গাজীপুরে হরতালের আগের রাতেই টঙ্গী ও কালীগঞ্জে দুটি গাড়িতে আগুন দেয়া হয়। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভাওয়াল কলেজের সামনে ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।

সকালে সিরাজগঞ্জে দুটি মালবাহী ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ মো. মাহমুদুল হক রুবেলের বাসার ফটক থেকে পরিত্যক্ত অবস্থায় একটি  হাতবোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুরনো খবর:

৪৮ ঘণ্টা নয়, হরতাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত
খিলগাঁওয়ে কভার্ড ভ্যানে আগুন, আহত ১
চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
রংপুরে রেললাইনে আগুন, আটক ১৩
সিরাজগঞ্জে ২ ট্রাকে আগুন
নরসিংদীতে অটোরিকশায় আগুন, আটক ২
হরতালে নোয়াখালীতে আটক ১৫
‘নেতাদের মুক্তি দিলে হরতাল হতো না’