সিরাজগঞ্জে ২ ট্রাকে আগুন
বিএনপির ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন সিরাজগঞ্জে দু’টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
সোমবার ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় লবন ও চুনা পাথরবোঝাই ট্রাকে আগুন দেয়া হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ।
“এই ঘটনার পর মহাসড়কের দুপাশের রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। ট্রাক দুইটি সরিয়ে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”
নয়াপল্টনের কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দুইদিনের এই হরতালের ডাক দেয়।
হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলার তিনটি উপজেলার ১৫টি স্থানে রোববার রাতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই স্থানগুলোতে সভা-সমাবেশ, মিছিল, মাইকিং নিষিদ্ধ করা হয়। সন্ধ্যার পর থেকেই শহরে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিতে শুরু করে।
তবে ১৪৪ ধারা ভঙ্গ করে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর মোড়ে সকাল আটটার দিকে মিছিল শেষে সমাবেশ করেছে সলঙ্গা থানা বিএনপি।
সংবাদ পেয়ে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হরতাল সমর্থকরা গোল চত্বর থেকে সরে যায় বলে জানান সলঙ্গা থানার ওসি তাজুল হুদা।
এছাড়া ভোরে গোসালা এলাকায় বিএনপি কয়েকজন নেতাকর্মী পিকেটিং করার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি দেখে তারা সরে পড়ে।
সিরাজগঞ্জ শহরে সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল বের হতে দেখা যায়নি।
সকাল থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা না গেলেও শহরে হাল্কা যানবাহন চলছে।
