২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে রেললাইনে আগুন, আটক ১৩

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন রংপুরে রেললাইনে আগুন দিয়ে সড়কে যানবাহন ভাংচুর করছে পিকেটাররা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নগরীর বিভিন্ন স্থান থেকে ১৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের শিংগীমারী রেল সেতুতে আগুন ধরিয়ে দেয়া হয়।

“খবর পেয়ে রেলের উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদীনের নেতৃত্বে কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

আগুনে রেললাইনের পাঁচটি স্লিপার পুড়ে যাওয়ায় ট্রেন চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও বেলা ১১টা পর্যন্ত পুর্বনির্ধারিত তিনটি ট্রেন ওই লাইন দিয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মোহাম্মেল হক।

সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হরতালের সমর্থনে একটি মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া বেলা ১১টায় নগরীতে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপি।

এছাড়া নগরীর বিভিন্ন স্থানে অতর্কিতে হামলা চালিয়ে বেশ কিছু যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে পিকেটাররা।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে নগরীর পার্কের মোড়, সিওবাজার, মর্ডান মোড় ও টার্মিনাল এলাকায় ১০টি ব্যাটারিচালিত অটোরিকশা, সাতটি পিকআপ, পাঁচটি ট্রাক ও কয়েকটি বাস ভাংচুর করে হরতাল সমর্থকরা।

“মাহীগঞ্জ সাতমাথার মোড়ে দুটি মটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।”

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে নগরীর কলেজ পাড়ায় ‘তৃণা ছাত্রবাস’ থেকে ইসলামী ছাত্রশিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে।

“তারা নাশকতার পরিকল্পনা করছিল। সেখান থেকে দুই লিটার পেট্রোল, দুটি ককটেল এবং বিপুল পরিমাণ লাঠিসোটা ও হকিস্টিক উদ্ধার করা হয়।”

এছাড়া পিকেটিং করার সময় কাউনিয়া ও তারাগঞ্জ উপজেলা থেকে আরো তিন জামায়াত কর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।

হরতালে দূরপাল্লার যানবাহন চলছে না। তবে অভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলছে।