হরতালে নোয়াখালীতে আটক ১৫
দুই দিনের টানা হরতালের প্রথম দিন পিকেটাররা নোয়াখালী শহরে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
নাশকতায় জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হরতালে কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি বলেও জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় নোয়াখালী জিলা স্কুলের সামনে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পিকেটাররা সেখান থেকে সরে যায়।
একই সময় সদরের ইসরামীয়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে হরতালকারীরা। পরে পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে নেয়।
সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে মাইজদীতে মিছিল বের হয়। পরে পৌর বাজারের সামনে সমাবেশে ১৮ দলীয় জোট নেতারা বক্তব্য দেন।
হরতাল চলাকালে শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও শহরে রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
