খিলগাঁওয়ে কভার্ড ভ্যানে আগুন, আহত ১
বিরোধী দলের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় একটি কভার্ড ভ্যান পুড়িয়ে দিয়েছে পিকেটাররা।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, হরতালের দুপুরে একদল যুবক নন্দিপাড়ার ত্রিমোহনী এলাকায় আসমা লিমিটেডের একটি কভার্ড ভ্যান পুড়িয়ে দেয়। এ সময় ভ্যানের ভেতরে থাকা ওই সংস্থার কর্মচারী সোহেল রানা (১৮) দগ্ধ হন।
আসমা লিমিটেডের লোকজন বিকালে সোহেল রানাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে পরিদর্শক মোজাম্মেল হক জানান।
আসমা লিমিটেডের হিসাব রক্ষক খায়রুল কবীর জানান, ওই কভার্ড ভ্যানে করে তারা ইউনিলিভারের মালামাল পরিবহন করেন। দুপুরে গাড়িতে মালামাল তোলার সময় একদল যুবক এসে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকায় সোহেল রানা গুরুতর দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজনকে নিয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় আসমা লিমিটেডের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খায়রুল।
