নরসিংদীতে অটোরিকশায় আগুন, আটক ২
হরতালের প্রথম দিনের সকালে নরসিংদী শহরে একটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।
সোমবার সকালে শহরের ভেলানগর এলাকায় এ ঘটনার পর পুলিশ দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে বলে জানান সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।
এদিকে হরতালের সমর্থনে সকালে জেলা বিএনপি শহরে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি জেলখানার মোড় থেকে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, সদর বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মল্লিক প্রমুখ।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট দুই দিনব্যাপী এ হরতালের ডাক দেয়।
