‘নেতাদের মুক্তি দিলে হরতাল হতো না’
দেশজুড়ে দুই দিনের হরতালের জন্য সরকারকে দায়ী করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দাবি অনুযায়ী নেতাকর্মীদের মুক্তি দিলে ১৮ দলীয় জোটকে এমন কর্মসূচি নিতে হতো না।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের এই হরতাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সকালে হরতাল শুরুর পর পল্টনে পিকেটারদের তেমন কোনো তৎপরতা না থাকলেও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন দাবি করেছেন, সারা দেশে স্বতস্ফূর্ত হরতাল চলছে।
সরকারের দমননীতির কারণে গণতন্ত্র ‘নির্বাসিত’ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
যুগ্ম মহাসচিব বলেন, পুলিশ সারা দেশে বিএনপি ও ১৮ দলীয় জোটের ‘অসংখ্য’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। দেয়া হয়েছে অসংখ্য ‘মিথ্যা’ মামলা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে পুলিশ ‘শান্তিপূর্ণ’ মিছিলে গুলি চালিয়েছে।
“আমরা ১৪ মার্চের মধ্যে আটক নেতাদের মুক্তি দাবি করেছিলাম। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এজন্য বাধ্য হয়েই হরতালের কর্মসূচি দেয়া হয়েছে।”
নেতাকর্মীরা মুক্তি না পেলে আরো কর্মসূচি দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “তাদের মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে এবং গণহত্যা বন্ধ না হলে আমরা অবশ্যই লাগাতার কর্মসূচি দেব।’’
“নেতাদের মুক্তির দাবিতে আইনি লড়াই চলবে, পাশাপাশি রাজপথে আন্দোলনও সমানভাবে চলবে।”
জোটের দুই দিনের এই হরতাল কর্মসূচি কখন শেষ হবে তা নিয়ে বিভ্রান্তি নিরসনে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এ কর্মসূচি চলবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল ৪৮ ঘণ্টা নয়, ৩৬ ঘণ্টা পালিত হবে।
অন্য দিনের হরতালে বিএনপি নেতারা দলীয় কার্যালয়ের নিচে প্রধান ফটকের সামনে অবস্থান করলেও সোমবার সকালে সেখানে কাউকে দেখা যায়নি। যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য দুই দফা নিচে আসেন।
এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ১১ মার্চ পুলিশি অভিযানে ঘটনা আপনারা সবাইকে দেখেছেন। এবার নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করেই রকম ব্যবস্থা নিয়েছি।”
কার্যালয়ের প্রধান ফটক ঘিরে সকাল থেকেই অবস্থান নিয়ে আছে পুলিশ। সড়কের উল্টো দিকে অবস্থান করছেন র্যাব সদস্যরা। কাছাকাছি রয়েছে পুলিশের সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয় আসেন। এর আগে রাতে দলীয় কার্যালয়ে আসেন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, আকরামুজ্জামান টোকন, তারিকুল আলম তেনজিং।
গত ১১ মার্চ বিকালে এই কার্যালয়ের সামনেই ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
এর এক ঘণ্টার মাথায় বিএনপি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায় পুলিশ।
পরদিন ফখরুল খোকা ও আলতাফকে ছেড়ে দেয়া হলেও বাকি নেতাকর্মদের মুক্তির দাবিতে ১৮ ও ১৯ মার্চ দুদিনের এই হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
পুলিশ ইতোমধ্যে দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে দুই মামলায় ১৮ দলীয় জোটের ১৫৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে। আদালতে তাদের জামিন ও পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে বুধবার। তার মধ্যে নেতাকর্মীরা মুক্তি না পেলে বৃহস্পতিবার ঢাকা জেলায়ও হরতাল ডেকেছে বিএনপি।
