২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘণ্টা নয়, হরতাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত

আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিরোধীদলীয় জোটের ডাকে সোমবার শুরু হওয়া হরতাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 07:36 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

হরতালের সময় নিয়ে জনমনে বিভ্রান্তির প্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুই দিনের এই হরতাল কর্মসূচি শেষ হবে।

সোমবার হরতাল চলাকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হরতালের সময়সীমা কমানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সময়সীমা কমানো হয়নি। সোমবার সকাল ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতালের কর্মসূচি ছিল। তা ঠিক আছে।”

এই হরতাল ৪৮ ঘণ্টা, না ৩৬ ঘন্টা হবে প্রশ্ন করা হলে যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন বলেন, “হরতাল শুরু হয়েছে ভোর ৬টায়। শেষ হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়। এখানে হরতালের সময়সীমা যেমন আছে, তাই আছে। কমানোর প্রশ্ন ওঠে না।”

গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান এবং বিরোধীদলীয় চিফ হুইপসহ ১৫৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ ও ১৯ মার্চ টানা দুইদিনের হরতালের ঘোষণা দেয় বিরোধীদলীয় জোট।

কিন্তু হরতাল কখন শেষ হবে সে বিষয়ে একেক নেতা একেক রকম তথ্য দেয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়।