ঢিলেঢালা হরতালে উত্তাপ শুধু নয়া পল্টনে
বিএনপি কার্যালয়ের সামনে থেকে চার নারী সাংসদকে আটকের পর মুক্তি এবং চাঁপাইনবাবগঞ্জে এক যুবলীগকর্মী নিহত হওয়ার ঘটনা ছাড়া সারা দেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল ছিল নিরুত্তাপ, ঢিলেঢালা।
বিএনপির বুধবারের বিক্ষোভ সমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার পর সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল করে বিরোধী দলীয় জোট।
বিএনপি হরতাল সফল হয়েছে দাবি করলেও নতুন কোনো কর্মসূচি দেয়নি । তবে সারাদেশে সাম্প্রতিক সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে আগের ঘোষণা অনুযায়ী শনিবার গায়েবানা জানাজা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্যদিকে বৃহস্পতিবারের হরতাল সফল হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যে উদ্দেশ্যে বিএনপি হরতাল ডেকেছিল তা সফল হয়নি। ‘বেআইনি’ হরতালে যারা ‘হত্যা লুটপাট’ চালিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া স্বাধীনতার মাস মার্চকে ‘সহ্য করতে পারেন না’ বলেই ৭ মার্চ এই হরতাল ডেকেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
হরতাল চিত্র
হরতালে সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় রাজধানীর সড়কগুলোতে। বিভিন্ন অলিগলিতেও পুলিশের গাড়িকে টহল দিতে দেখা যায়।
অন্যান্য হরতালের মতো এদিনও সকাল থেকেই রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করে। তবে সকালের অংশে রাস্তায় গণ পরিবহন চলতে দেখা যায়নি খুব একটা।
হরতাল চলাকালে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে কমলাপুর স্টেশন থেকে যথারীতি ট্রেন ছেড়ে যায় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
হরতালের প্রথম ঘণ্টায় রাজধানীর শনির আখড়ায় মিছিল করে কয়েকটি হাতবোমা ফাটায় ইসলামী ছাত্র শিবির।
যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় বাস ও হিউম্যান হলার এবং মিরপুরে দুটি বাস ভাংচুর করে হরতালকারীরা। দুপুরে মতিঝিলে পুড়িয়ে দেয়া হয় একটি বাস।
স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বাসাবোর সবুজবাগ এলাকায় গলিতে মিছিল করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। জামায়াত কর্মীরা মিছিল করে মগবাজার এলাকায়।
সকালে হাতবোমা ফাটানো হয় ধোলাইপাড়, রাজারবাগ, কারওয়ান বাজারে; দুপুরে হোটেল রূপসী বাংলার সামনে।
বিক্ষিপ্ত গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণে খবর পাওয়া যায় দেশের অন্যান্য জেলা থেকেও।
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে গাড়ি ভাংচুর করে। নাশকতা এড়াতে নগর যুবদলের আহ্বায়কসহ ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে নিহত হন এক যুবলীগ কর্মী।
নিহত আব্দুর রহমান (২৬) ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের দাউদ হোসেনের ছেলে। উপজেলার পোলাডাঙ্গা বাজারে তার একটি কম্পিউটারের দোকান ছিল। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসাবে পরিচিত।
বুধবার সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই নয়া পল্টনে দলটির প্রধান কার্যালয় ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
ভোর থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কার্যালয়ের অপর পাশে সড়কে অবস্থান নেন র্যাব সদস্যরা।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, সুলতান সালাহউদ্দিন টুকু, বেলাল আহমেদসহ ১০/১২ জন কর্মী কার্যালয়ের ভেতরে কলাপসিবল গেইটের ভেতরে অবস্থান নিয়ে মাঝে মধ্যে স্লোগান দিতে থাকেন।
এরইমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা রাস্তায় বসে পড়েন।
পরে মহিলা পুলিশের একটি দল এসে তাদের একটি মাইক্রোবাসে তুলে থানার পথে রওনা হয়। কিন্তু ১০০ গজ যাওয়ার পরই গাড়ির ভেতরে ধস্তাধস্তির সময় দড়জা খুলে গিয়ে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার ও পুলিশ কনস্টেবল শরীফা। পরে পুলিশ গাড়ি থামিয়ে আবার তাদের তুলে নেয়।
চার সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের জানান।
এর পরপরই বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “পুলিশ মহিলা সংসদ সদস্যদের যেভাবে টেনে হেঁচড়ে আটক করেছে, তা গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন। সংসদ চলাকালে এভাবে সংসদ সদস্যদের গ্রেপ্তার নজির বিহীন ঘটনা।”
হরতাল শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান।
বিএনপির হরতাল প্রত্যাখান করে মিছিল বের হয় শাহবাগ থেকে।
সকালের পর রাজপথে ১৮ দলীয় জোট কর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে না পরলেও প্রধান সড়কগুলোতে সরব থাকে হরতালবিরোধীরা।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল বের করে। বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, কমলাপুর, বিজয় সরণী, পুরানা পল্টন, মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি হরতালবিরোধী মিছিল দেখা যায়।
এছাড়া শাহবাগ থেকেও একটি হরতালবিরোধী মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘হরতাল সফল’
হরতাল শেষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দাবি করেন, সারা দেশে তাদের এই কর্মসূচি সফল হয়েছে।
“হরতালে সারাদেশে পুলিশ আমাদের আড়াই শ’র বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের হামলায় আহত হয়েছেন সাড়ে ৬শ নেতা-কর্মী।”
হরতাল ‘সফল’ করার জন্য দলের চেয়ারপারসনের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতা-কর্মীরা প্রয়োজনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির-উপাসনালয় রক্ষায় পাহারায় থাকবে বলেও তিনি উল্লেখ করে।
হরতাল শেষে বিএনপি নতুন কোনো কর্মসূচি দেয়নি। তবে সম্প্রতি সারাদেশে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে আগামী শনিবার বিকালে নয়া পল্টনের কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা হবে বলে রিজভী জানান।
পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি সারাদেশে আড়াই হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়েছে অভিযোগ করে মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, বেলাল আহমেদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে হরতাল সফল হয়েছে দাবি করে জামায়াতে ইসলামী শুক্রবার দোয়া দিবস ও শনিবার গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে।
বিকালে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণার পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তিও দাবি করেন।
শনিবার জামায়াত গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে নয়া পল্টনে, সেখানে একই কর্মসূচি আগেই ঘোষণা করে বিএনপি।
