২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বাসে আগুন, শাহবাগে বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের মধ্যে ঢাকার মতিঝিলে মধুমিতা হলের সমনে একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। আর হোটেল রূপসী বাংলার সামনে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে দুটি হাতবোমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

মতিঝিল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শেখ আবদুল্লাহ জানান, শাপলা চত্বর থেকে একটি বাস ইত্তেফাক মোড়ের দিকে যাওয়ার পথে মধুমিতা হলের সামনে কয়েকজন লোক হঠাৎ গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এরপর দাহ্য পদার্থ ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয় তারা ।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে হোটেল রূপসী বাংলার সামনে পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়া হয়।

শাহবাগ থানার এসআই রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “মোটর সাইকেলআরোহী দুই যুবক পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।”

বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গ সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে এই হরতাল ডাকে দলটি।

হরতালের সকাল থেকে নগরীর কয়েকটি স্থানে কড়া নিরাপত্তার মধ্যও যানবাহন ভাংচুরের চেষ্টা চালায় হরতালকারীরা।  

তবে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে অন্যান্য হরতালের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা যায়। লঞ্চ ও ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।