২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বনায়ন: গাছের ৫০ শতাংশ আয় পাবেন গ্রাম পুলিশ

বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:35 PM

Updated : 22 Nov 2026, 06:35 PM

দেশে প্রথমবারের মতো রাজশাহীর পবা উপজেলায় শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’।

এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে ১৬ হাজার গাছ রোপণ করা হবে। এসব গাছের পরিচর্যার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।

রোববার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি হড়গ্রাম ইউনিয়নে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা হচ্ছে। পাশাপাশি সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পবার আটটি ইউনিয়নে দুই হাজার করে গাছ লাগানো হবে। এর একটি অংশের পরিচর্যা করবেন গ্রাম পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

তিনি বলেন, মেহগনি, নিমসহ বিভিন্ন কাঠজাতীয় গাছ রোপণ করা হবে। পাশাপাশি স্বল্পমেয়াদি আয়ের জন্য খেজুরগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। গাছের পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে। এক বছরের মধ্যে ১৬ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য পূরণের আশা করা হচ্ছে।