১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে দিনভর শ্রমিক বিক্ষোভ, বন্ধ ২৬ কারখানা

কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 08:10 PM

Updated : 16 Nov 2026, 08:09 PM

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ অব্যাহত রয়েছে।

সোমবার দিনভর শ্রমিক বিক্ষোভের মধ্যে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বেশ কিছু কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সোমবার পর্যন্ত গাজীপুরে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করায় সেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

তবে দিনভর বিক্ষোভ ও ভাঙচুরের পর কর্তৃপক্ষ ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ ও শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিন বিকালে নগরের নাওজোর ও ভোগড়া বাইপাস সড়ক এলাকাতেও শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

একই সময়ে মহানগরের সালনা এলাকায় একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানালে শ্রমিকদের একাংশ উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়।

শ্রমিক অসন্তোষে ১৯ মামলা

শ্রমিক আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতার ঘটনায় গাজীপুরে মহানগর পুলিশ, শিল্প পুলিশ এবং জেলা পুলিশের আওতাধীন কালিয়াকৈর থানায় আলাদাভাবে মামলা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহানগর পুলিশের বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বাসন থানার একটি এবং কোনাবাড়ী থানার একটি মামলা শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মহানগর পুলিশের অধীনে ১২টি মামলা রয়েছে।

মহানগর পুলিশের মামলাগুলোর মধ্যে দণ্ডবিধি আইনে ১০টি, সন্ত্রাসবিরোধী আইনে তিনটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

দণ্ডবিধির মামলাগুলোর মধ্যে বাসন থানায় পাঁচটি, কোনাবাড়ী থানায় দুটি, কাশিমপুর থানায় দুটি এবং গাছা থানায় একটি মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় দুটি ও বাসন থানায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনে কাশিমপুর থানায় একটি মামলা হয়েছে।

অন্যদিকে শিল্প পুলিশের পক্ষ থেকে আগে জানানো হয়, শ্রমিক অসন্তোষের ঘটনায় তাদের অধীনে তিনটি মামলা হয়েছে এবং এসব মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে জেলা ও মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা আসামি করা হয়। এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মহানগর পুলিশের ১৪টি মামলার মধ্যে দুটি শিল্প পুলিশের কাছে হস্তান্তর এবং শিল্প পুলিশের তিনটি মামলার হিসাব আলাদাভাবে বিবেচনায় নিয়ে গাজীপুরে মোট স্বতন্ত্র মামলার সংখ্যা ১৯টি।

তবে বিভিন্ন সংস্থার গ্রেপ্তারের হিসাবে একই ব্যক্তি অন্তর্ভুক্ত থাকতে পারেন। তাই মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার দেওয়া গ্রেপ্তারের সংখ্যা সরাসরি যোগ করে মোট সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।

শ্রমিকদের কাজে ফেরাতে তৎপর পুলিশ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেছেন, শ্রমিকেরা যাতে নির্বিঘ্নে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

তার ভাষ্য, দেশের সম্ভাবনাময় পোশাকশিল্পকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি, এপিবিএন, মহানগর ও জেলা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন এলাকায় পুলিশের মোবাইল টিম, পিকেট ও টহল দল দায়িত্ব পালন করছে। পোশাক কারখানাকেন্দ্রিক স্থায়ী টহল দলও কাজ করছে। কোথাও নাশকতার আশঙ্কার তথ্য পাওয়া গেলে দ্রুত সেখানে পুলিশি দল পাঠিয়ে জড়িতদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আশিক সাঈদ বলেন, শ্রমিকেরা যাতে বাধা ছাড়াই কারখানায় প্রবেশ করতে পারেন, সেজন্য আন্দোলনের পেছনে উসকানিদাতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে।

তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা সম্ভব না হলেও যথাসময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন

শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পাঞ্চল, মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

এর মধ্যে শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা বলেছেন গাজীপুর ব্যাটালিয়ন-৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

শ্রমিকদের বেতন-ভাতা ও মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, শ্রমিকেরা যাতে নিরাপদে কর্মস্থলে যেতে পারেন এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকে, সে লক্ষে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।