২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হরতালে ভাংচুর, অবরোধ

সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জে হরতাল চলছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডাক দেয়।

সকাল সাতটার দিকে বিএনপিকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এস.এস রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুড়লে পুলিশও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শহরের স্টেশন রোড ও ঢাকা রোডে হরতাল সর্মথনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে।

এ সময় অন্তত পাঁচ জন আহত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও শহরের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

হরতালের কারণে সকালে সিরাজগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চললেও শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে উল্লাপাড়ায় পাবনা-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া মোড়ে হরতালকারীরা সকাল থেকে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে।

এছাড়া সাড়ে ৯টার দিকে শ্রীখোলা মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একই সময়ে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক কামারখন্দ উপজেলার নলকা মোড়ে বেশ কয়েকটি বাস ও একটি ট্রাক ভাংচুর করেছে পিকেটাররা।

হাতিকুমড়ুল হাওইয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, হরতাল শুরু হয়ে যাওয়ায় নলকা ব্রিজের কাছে আট/দশটি বাস আগে থেকেই থামিয়ে রাখা ছিল। হঠাৎ করেই পিকেটারা সেখানে গিয়ে বাস ভাংচুর শুরু করে। এসময় একটি খালি ট্রাক সেখান দিয়ে যাওয়ার সময় তারা ট্রাক লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের কাঠালতলা মোড়েও সকালে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।