নারায়ণগঞ্জে গাড়ি ভাংচুর, আটক ১৫
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে গাড়ি ভাংচুর করেছে। নাশকতা এড়াতে নগর যুবদলের আহ্বায়কসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে পাঁচটি গাড়ি ভাংচুর করে।এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রায় একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতায় গাছের গুড়ি ও টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় পাঁচটি গাড়ি ভাংচুর করে তারা। পরে পুলিশ গেলে হরতালকারী পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি মাইনুর রহমান জানান, নাশকতা এড়াতে সকালে রূপগঞ্জ থেকে বিএনপির সাত কর্মীকে আটক করা হয়েছে।
এর আগে সকাল ৬টার নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় যুবদলের নেতাকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিবসহ দুইজনকে আটক করা হয়।
এদিকে, ভোর রাত ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের বাড়িতে তল্লাসি চালিয়ে নগর যুবদলের আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং শহরের মিশনপাড়া এলাকা থেকে শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করে পুলিশ।
