২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-লঞ্চ ছাড়লেও নামেনি দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বরাবরের মতোই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। আর নৌপথে আর রেলপথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 05:13 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

গাবতলী ও মহাখালি বাস টার্মিনালের বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়, ভাংচুরের আশঙ্কায় বাস ছাড়ছেন না তারা।

গাবতলী বাস টার্মিনালের ফরিদপুরগামী গোল্ডেন নাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার আবুল কালাম আযাদ বলেন, “নিরাপত্তার জন্য আমরা বাস ছাড়ি নি। তবে লোকাল রুটের বাসগুলো চলছে।”

যশোর ও খুলনাগামী আরপি পরিবহনের ম্যানেজার আব্দুস সালাম বলেন, “দুর পাল্লার বাস ছাড়েনি। অগ্রিম টিকিটগুলো বাতিল করা হয়েছে। হরতাল শেষ হলে সন্ধ্যায় বাস চলবে।”

তবে এ সময় ঢাকা থেকে মানিকগঞ্জ ও আরিচা ঘাটগামী কয়েকটি বাস চলতে দেখা যায়।

প্রায় একই চিত্র ছিলো রাজধানীর মহাখালি বাস টার্মিনালের।

এদিকে সকাল থেকে রাজধানীর সড়কে ব্যাক্তিগত যানবাহন কম দেখা গেলেও প্রচুর অভ্যন্তরীণ রূটের বাস চলতে দেখা যায়।

প্রচুর মোটরসাইকেল, সিএনজি ও রিক্সাও চোখে পড়ে।

রাস্তার প্রত্যেকটি মোড়ে ছিলো পুলিশ, র‌্যাব সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারী।

ট্রেন চলাচল স্বাভাবিক আছে জানিয়ে কমলাপুর স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সকালে কমলাপুর থেকে ১১টি ট্রেন ছেড়ে গেছে; ৯ এসেছে। কয়েকটি ট্রেনে কিছুটা দেরিতে ছেড়েছে।”

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর রিয়াদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে বেলা ১০টা ৩০ মিনিটি পর্যন্ত সদরঘাট থেকে ৮টি লঞ্চ ছেড়ে গেছে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত ২৮ ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।  

আর জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে জামায়াতের জোটসঙ্গী বিএনপি। জামায়াত ও ইসলামী ঐক্যজোটও ওই হরতালে সমর্থন দেয়।

এরপর বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গ সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে এই হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে জানানো হয়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এই হরতাল পালন করা হবে।