টঙ্গী বিএনপি অফিসে আগুন
গাজীপুরের টঙ্গী থানা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল-আসবাবপত্র পুড়িয়ে দেয়া হয়েছে।
টঙ্গী ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বুধবার মধ্যরাতে ওই কার্যালয়ে আগুন লাগার পর অগ্নির্বিাপক বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
তবে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলছেন, তারা কোনো অভিযোগ পাননি।
টঙ্গী থানা বিএনপির সভাপতি শাহান শাহ আলম সাংবাদিকদের বলেন, “মধ্যরাতে সরকারদলীয় উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বিএনপি অফিসের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়।”
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল আসবাবপত্র পুড়ে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় বলে এই বিএনপি নেতা জানান।
আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, “অগ্নিকাণ্ডের খবর শুনেছি। তবে আওয়ামী লীগের কেউ এতে জড়িত নয়।”
