২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গাড়িতে আগুন, শান্ত বন্দরনগরী

১৮ দলের ডাকা হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কভার্ডভ্যান ও ট্রাকে আগুন দেয়া হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কিছু যানবাহন। তবে বন্দরগরীতে কোনো অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার হরতাল শুরুর আগ মূহুর্তে ভোর চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সীতাকুণ্ড রাস্তার মাথায় একটি মালবোঝাই ট্রাক এবং সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় ও টেরিয়াইলে দুইটি কভার্ডভ্যানে আগুন দেয়ায় হয়।

এছাড়া সকাল সাতটার দিকে উপজেলার বাড়বকুণ্ড এবং বাঁশবাড়িয়া এলাকায় হরতাল সমর্থকরা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে তিনটি গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি সকালে কয়েকটি ট্রাক ও অটোরিকশা ভাংচুর করেছে পিকেটাররা। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে সকাল থেকে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশ যোগ দিচ্ছে।

তবে নগরীর দেওয়ান বাজার এলাকায় নগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে গিয়ে সেখানে দলীয় নেতা-কর্মীর দেখা পাওয়া যায়নি।

সকালে নগরীতে ঝটিকা মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা।

এছাড়া মমিন রোড এলাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দও পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক ছিলো।

সকালে শহরে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে বলে জানান পুলিশের সহকারী কমিশনার এ কে এম এমরান ভূঁইয়া।