চাঁপাইনবাবগঞ্জে হরতালের সংঘর্ষে যুবলীগকর্মী নিহত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হরতালকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
নিহত আব্দুর রহমান (২৬) ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের দাউদ হোসেনের ছেলে। উপজেলার পোলাডাঙ্গা বাজারে রহমানের একটি কম্পিউটারের দোকান ছিল। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসাবে পরিচিত।
এর আগে সকালে পোলাডাঙ্গা বাজারে হরতাল সমর্থকরা মিছিল নিয়ে এসে রহমানের দোকানসহ কয়েকটি দোকানপাটে ভাংচুর করে, দুটি মোটরসাইকেল ও একটি ধান-চালের গুদামে আগুন দেয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায় বলে জানান ভোলাহাট থানার ওসি শহীদ সোহরাওয়ার্দী।
তিনি জানান, “এ সময় হরতাল সমর্থকরা রহমানসহ অন্তত ১০ জনকে লাঠি দিয়ে ব্যাপকভাবে মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
এ ঘটনায় আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এরপর বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গ সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জানানো হয়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এই হরতাল পালন করা হবে।
অগ্নিনির্বাপক বাহিনীর গাড়িতে আগুন
পোলাডাঙ্গা বাজারে আগুন দেয়ার সংবাদ পেয়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর অগ্নিনির্বাপক বাহিনীর একটি ইউনিট সেখানে রওয়ানা দেয়। পথে মুসরিভোজা এলাকায় বেলা ১টার দিকে হরতালসমর্থকরা সেই গাড়ি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় বলে জানান রহনপুর অগ্নিনির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা আবুল হাসান।
