২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার পথে মুরাদের উড়াল

অডিও কেলেঙ্কারির পর প্রতিমন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো মুরাদ হাসান দেশ ছেড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 01:19 AM

Updated : 10 Oct 2022, 06:27 PM

তিনি বৃহস্পতিবার মধ্যরাতে চুপিসারেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন, তার গন্তব্য কানাডা।

গত চার দিন ধরে অগোচরে থাকা মুরাদকে এদিন রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় দেখা যায়।

ইমিগ্রেশন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানিয়েছি, উনার বিষয়ে কোনো এমবার্গো (নিষেধাজ্ঞা) রয়েছে কি না? কোনো এমবার্গো না থাকলে ইমিগ্রেশন করে দিতে হবে। তিনি এখন এয়ারপোর্টে রয়েছেন।”

তখন জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের দুবাই হয়ে কানাডার টরন্টোর যে ফ্লাইট রয়েছে, ওই ফ্লাইটের টিকেট মুরাদের রয়েছে।

এরপর মুরাদ নির্ধারিত সময়েই ওই ফ্লাইটে ওঠেন; এসময় জিন্স প্যান্ট ও ব্লেজার পরা মুরাদের ডান হাতে ছিল মেরুন রঙের একটি হ্যান্ড লাগেজ, বাম হাতে ধরা ছিল পাসপোর্ট,  কাঁধে ছিল একটি চামড়ার ব্যাগ।

এমিরেটসের এই ফ্লাইটটি দেড় ঘণ্টা দেরি করে রাত ১টার দিকে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।

মুরাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও তার দেশত্যাগে কোনো বাধা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবারই জানিয়েছিলেন।

মুরাদ কোথায় থাকবেন, সেটা তার ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী  

মন্ত্রিত্ব হারানো, দলের পদ খোয়ানো মুরাদের সামনে কী?

মুরাদের বিরুদ্ধে ঢাবি ছাত্রের অভিযোগের তদন্ত শুরু  

Image
কয়েক মাস আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে এক অনুষ্ঠানে মুরাদ হাসান। ফাইল ছবি

কয়েক মাস আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে এক অনুষ্ঠানে মুরাদ হাসান। ফাইল ছবি

মুরাদ সাম্প্রতিক সময়ে গত সেপ্টেম্বরেই কানাডা সফর করেছিলেন। তখন অটোয়া, টরন্টো, মন্ট্রিল, কুইবেক, ভ্যাংকুভার মিলিয়ে সপ্তাহ খানেক সে দেশে ছিলেন তিনি।

কানাডা থেকে ফিরে অক্টোবরেই আবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মুরাদ।   

তথ্য প্রতিমন্ত্রীর পদে থাকাকালে তার এই সফরগুলো সরকারি সফর ছিল কি না, তা স্পষ্ট নয়।

Image
গত সেপ্টেম্বরে কানাডা সফরের সময় এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন মুরাদ হাসান।

গত সেপ্টেম্বরে কানাডা সফরের সময় এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন মুরাদ হাসান।

অডিও কেলেঙ্কারির পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবারই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মুরাদ। এরপর আওয়ামী লীগে পদ হারালেও তার সংসদ সদস্য পদ এখনও বহাল রয়েছে।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনায় পড়েন মুরাদ হাসান।

এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার অশালীন আচরণের একটি অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে মুরাদের অশালীন বক্তব্যের আরেকটি অডিও।

মা-বোনদের মনে কষ্ট দিলে ক্ষমা চাই: মুরাদ

  মৌসুমী, শাকিব খানও ছিলেন মুরাদের বিদ্রুপের শিকার

মুরাদ হাসানের পদ হারানোর খবরে যা বললেন মাহিয়া মাহি  

মুরাদের মধ্যে ‘পরিবর্তন টের পাচ্ছিলেন’ হাছান মাহমুদ

এরপর ব্যাপক সমালোচনা শুরু হলে মুরাদের বিদায় ঘণ্টা বেজে যায়। সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের জানান, মুরাদকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

সোমবার থেকেই অগোচরে থাকা মুরাদ পরদিন তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন তার দপ্তরে। এরপর সেদিনই তা গৃহীত হয়।

এরমধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকেও মুরাদকে অব্যাহতি দেওয়া হয়।

এসবের মধ্যে মুরাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মঙ্গলবার দুপুরে এক ফেইসবুক পোস্টে ক্ষমা চেয়ে তিনি লিখেছিলেন, “আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।”

এরপর বুধবার বিকালে নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় আরেক পোস্টে তিনি লেখেন,“মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।”

Image
গত অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরের সময় এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন মুরাদ হাসান।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরের সময় এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন মুরাদ হাসান।

তুমুল সমালোচনা শুরুর পর সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে যাননি মুরাদ। তখন থেকে সচিবালয়েও অনুপস্থিত ছিলেন তিনি।

সোমবার চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলে তিনি অবস্থান করেছিলেন বলে গণমাধ্যমের খবর আসে। তবে রাতেই তিনি ওই হোটেল ছাড়েন।

এই পুরোটা সময় তার টেলিফোনও বন্ধ ছিল। তার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও তার অবস্থান সম্পর্কে জানা যায়নি।

এদিকে পদত্যাগের পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেন এক ছাত্রলীগ নেতা।

তার ওই অভিযোগ জিডি হিসেবে নিয়ে তার তদন্ত শুরুর কথা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশিদ।

তবে মুরাদকে নিয়ে প্রশ্নে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, “এগুলো (মুরাদের বিদেশ যাওয়ার খবর) আমার জানা নেই। উনি বিদেশ যাবেন, নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।”

অডিও কেলেঙ্কারি: পদ গেল তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের  

মুরাদ পদত্যাগপত্র পাঠালেন ইমেইলে  

ফেইসবুক মন্তব্যেও মুরাদের ‘ভুল’!

মুরাদ ছাত্রদল থেকে এসেছিলেন ছাত্রলীগে, জানালেন সাবেক ছাত্রনেতারা  

অগোচরে থাকা মুরাদ ‘আল্লাহর ওয়াস্তে’ মাফ চাইছেন