২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ কোথায়? বৈঠকে বসেছে বিএনপি

বিএনপি নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চাইলেও তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 05:57 PM

Updated : 26 Jul 2023, 07:30 PM

ঢাকায় ‘মহাসমাবেশ’ করার জন্য নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পওয়ায় সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

বুধবার বিকাল ৪টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি তাতে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও তাতে অংশ নেন।

এক পর্যায় বিকাল পৌনে ৫টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘‘ স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক চলছে। রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করবেন।”

সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন দেখা যায়। রাস্তায় জলকামানের গাড়িও ছিল। নেতাকর্মীরাও ভিড় করেছিলেন কার্যালয়ের সামনে।

বিএনপি নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার এই মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল, কিন্তু কর্মদিবসের যুক্তি দেখিয়ে তাদের ওই দুই জায়গার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ।

তার বদলে গত ডিসেম্বরের মত গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন এ বিষয়টি নিয়েই বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। 

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের এখনো কোথাও অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাই কোর্টের একটা অবজারভেশন আছে। আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।”

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

তিনি বলেছিলেন, “সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তি কর্মসূচি হচ্ছে আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় দুপুর ২টায় শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।”

বিএনপির ‘মহাসমাবেশের’ বিপরীতে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে ‘শান্তি সমাবেশের’ ডাক দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি- কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি।

গত কিছুদিন ধরেই এরকম একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে, ফলে কর্মসুচির দিন যানজটের ভোগান্তির পাশাপাশি সহিংসতার আশঙ্কাও জনমনে থাকছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সে প্রসঙ্গ ধরে বুধবার এক অনুষ্ঠানে বলেন, ‘জনভোগান্তি সৃষ্টি করে’ একের পর এক রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে পুলিশকে এ ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে হবে।

তবে শান্তিপূর্ণভাবে বিএনপির সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সকালে এক সংবাদ সম্মেলেন বলেন, “কোথায় আমাদের মহাসমাবেশ হবে, নয়া পল্টন না সোহরাওয়ার্দী উদ্যান… এ ব্যাপারে আপনাদের বলেছি যে, আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমরা চিঠি দিয়েছি ডিএমপি পুলিশকে। চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের দৃঢ় বিশ্বাস, কিছুক্ষণের মধ্যেই আমরা পাব। যেখানে হোক সেটা আপনাদের (গণমাধ্যম) দ্রুত জানিয়ে দেব।”

এর আগে গতবছরের ১০ ডিসেম্বর বিএনপি নয়া পল্টনে তাদের কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশের অনুমতি চাইলে পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়।

এ নিয়ে দুইপক্ষের অনড় অবস্থানের মধ্যে বিএনপি কর্মীরা নয়া পল্টনে জড়ো হলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে আহত স্বেচ্ছাসেবক দলের এক ওয়ার্ড পর্যায়ের নেতার মৃত্যু হয়; ওই কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় পাঁচশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

নিরপত্তা নিয়ে সংশয়ের কথা জানিয়ে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে যেতে রাজি না হওয়ায় পুলিশ পরে তাদের গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি দেয়। শেষ পর্যন্ত বিএনপি তাতে রাজি হয় এবং ১০ ডিসেম্বর সেই মাঠ থেকে তাদের আন্দোলনের ১০ দফা ঘোষণা দেওয়া হয়।  

অবস্থানগত কারণে গোলাপবাগ মাঠে সাধারণত রাজনৈতিক কর্মসূচি হয় না। এক সময় সেখানে গরুর হাট বসত। সেখানে জনসভা করায় আওয়ামী লীগ নেতারা মাঝেমধ্যেই বিএনপিকে কটাক্ষ করেন।  

পুরনো খবর

পুরনো খবর:

বিএনপিকে গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ ডিএমপির
‘মহাসমাবেশ’র অনুমতির অপেক্ষায় বিএনপি: রিজভী
জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি দিলেন পুলিশ কমিশনার
বিএনপির সমাবেশের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সংগঠন
বিএনপির ‘এক দফা’: ঢাকায় মহাসমাবেশ বৃহস্পতিবার
ঢাকায় বিএনপির সমাবেশের দিন যুবলীগেরও সমাবেশ