Published : 24 Jul 2023, 12:15 AM
ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ।
একইদিন সরকার পতনে এক দফা আন্দোলনের অংশ হিসাবে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
রোববার কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে ঢাকা বিভাগের আওতাভুক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ হবে।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সমাবেশের দিন পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আমন্ত্রিত অতিথিরা সোমবারের সমাবেশে যোগ দেওয়ার সময় দিতে না পারায় তারিখ পরিবর্তন করে বৃহস্পতিবারে নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার বিএনপির ‘মহাসমাবেশ’ থাকার বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিতে নির্দেশনা দিয়েছি।
“সন্ত্রাসীদের দল বিএনপি যদি কোনো ধরনের অরাজকতা করে, তাহলে জনগণই তা প্রতিরোধ করবে। মূলত রাজধানীতে যাতে কোনও ধরনের অরাজকতা না হয়, সেজন্যই আমরা তারিখ পরিবর্তন করেছি।”