১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মহাসমাবেশ’র অনুমতির অপেক্ষায় বিএনপি: রিজভী

বৃহস্পতিবার মহাসমাবেশ করার জন্য নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 02:37 PM

Updated : 26 Jul 2023, 02:37 PM

ঢাকায় ‘মহাসমাবেশ’ করার জন্য এখনও পুলিশের অনুমতি না মিললেও আশাবাদী বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৃহস্পতিবার রাজধানীতে এই কর্মসূচির জন্য অনুমতি চেয়ে মহানগর পুলিশকে চিঠি দিয়ে রেখেছেন তারা। বুধবার দিনের মধ্যেই জবাব পাওয়া যাবে বলে আশা করছেন।

বুধবার নয়া পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন তিনি বলেন, “কোথায় আমাদের মহাসমাবেশ হবে, নয়া পল্টন না সোহরাওয়ার্দী উদ্যান… এ ব্যাপারে আপনাদের বলেছি যে, আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমরা চিঠি দিয়েছি ডিএমপি পুলিশকে।

“চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের দৃঢ় বিশ্বাস, কিছুক্ষণের মধ্যেই আমরা পাব। যেখানে হোক সেটা আপনাদের (গণমাধ্যম) দ্রুত জানিয়ে দেব।”

রিজভী জানান, মহাসমাবেশ নিয়ে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে তিনি বিস্তারিত বলবেন।

পুরানো খবর:

বিএনপির ‘এক দফা’: ঢাকায় মহাসমাবেশ বৃহস্পতিবার

পুরানো খবর:

ঢাকায় বিএনপির সমাবেশের দিন যুবলীগেরও সমাবেশ

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

তিনি বলেছিলেন, “সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তি কর্মসূচি হচ্ছে আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় দুপুর ২টায় শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।”

রুহুল কবির রিজভীও বুধবার বলেন, তাদের মহাসমাবেশ ‘শান্তিপূর্ণূ’ হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলো রাজধানীর বিভিন্ন জায়গায় সমাবেশ করবে। বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা আসবেন।

সবাইকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “দলের যা বক্তব্য … আমরা যে গণতন্ত্রহীনতায় ভুগছি, এই যে কথা বলার ঘাটতিতে ভুগছি, এই যে একটা ভয়ের পরিবেশের মধ্যে দিনযাপন করছি এখান থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় সেই বক্তব্যই আমাদের দলের নেতৃবৃন্দ দেবেন।”

মঙ্গলবার লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী।

এছাড়া মহাসমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘মিথ্যাচার, বানোয়াট’ বলে আখ্যায়িত করেন।

পুরানো খবর:

জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি দিলেন পুলিশ কমিশনার

পুরানো খবর:

বিএনপির সমাবেশের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সংগঠন

বিএনপি নেতাদের মধ্যে বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদনি ফারুক,আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, এম এ মালেক, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিএনপির ‘মহাসমাবেশের’ বিপরীতে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে ‘শান্তি সমাবেশের’ ডাক দিয়েছে।

‘জনভোগান্তি সৃষ্টি করে’ একের পর এক রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে পুলিশকে এ ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে হবে বলে হুঁশিয়ার করছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।